দ্য ওয়াল ব্যুরো: একদিনে অনেকটাই কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বেশ কিছুদিন ধরে যেখানে রোজ ৯০০-র কাছাকাছি মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছিলেন সেখানে আজ সংক্রমণের সংখ্যা নেমেছে ৭০০-র নীচে। তবে গতকালের চেয়ে এদিন কোভিড মৃতের সংখ্যা ১ জন বেশি।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন। একদিনে মোট মৃত্যু হয়েছে ১২ জনের। করোনা সক্রিয়তার হার হয়েছে ১.৬৫ শতাংশ।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১ হাজার ৬ জন রোগী। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনা সক্রিয় রোগী রয়েছেন ১২ হাজার ৭৫৯ জন। সুস্থতার হার ৯৭.৯৭ শতাংশ। দৈনিক কোভিড গ্রাফের এই ছবি নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে প্রশাসন তথা স্বাস্থ্য আধিকারিকদের।
জেলাভিত্তিক সংক্রমণের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, এদিনও সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। তবে আগের তুলনায় এই জেলায় অনেক কমেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
করোনায় সোমবারও মৃত্যু শূন্য কলকাতা। শহরে একদিনে আক্রান্তের সংখ্যা ৫৩ জন। পশ্চিম মেদিনীপুর আর দার্জিলিংয়ে তিন জন করে মারা গেছেন। পাহাড়ে সংক্রমণ ছড়িয়েছে আরও ৪৯ জনের শরীরে।