দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর দু'দিন বিক্ষিপ্ত বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেই আকাশ পরিষ্কার দক্ষিণবঙ্গে। রোদ ঝলমলে আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে পারদ নেমেছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়।
শুক্রবার সকালেই একধাক্কায় পারদ পতন হয়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও শুক্রবার সেই তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। অন্যদিকে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। আগামী কয়েকদিন পারদ আরও নামবে বলেই জানিয়েছে আলিপুর।
শুক্রবার সকালে অবশ্য ঘন কুয়াশায় ঢেকেছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তবে বেলা বাড়তেই কুয়াশা উধাও হয়ে ঝলক মিলেছে চড়া রোদের। বাতাসে রয়েছে হাল্কা শিরশিরানিও। সঙ্গে শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অবশ্য ছিল যে সরস্বতী পুজোর দু'দিন বৃষ্টি হলেও তাপমাত্রা সেভাবে কমবে না। থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও তার থেকে কিছুটা কম রয়েছে কলকাতার তাপমাত্রা।
আবহবিদদের কথায়, আপাতত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ার ফলেই বৃষ্টি কমেছে। আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ার ফলেই উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চল থেকে হিমশীতল বাতাস প্রবেশ করতে পারে ভূ-খণ্ডে। ফলে সপ্তাহ শেষে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এখনই বিদায় নিচ্ছে না শীত। বরং বিদায়বেলায় মরণকামড় বসাবে বলেই মনে করছেন আবহবিদরা। এর মধ্যে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে তাপমাত্রা আরও কমতে পারে। ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হয়ে সপ্তাহান্তে শহর কলকাতার তাপমাত্রা হতে পারে ১৩ কিংবা ১৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তাপমাত্রা আরও কমতে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।