দ্য ওয়াল ব্যুরো: কোভিড বিধি মেনে আজ থেকে রাজ্যে শুরু হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনা কালে এই প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির হয়েছেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এবার রেল ও মেট্রোর স্টাফ স্পেশাল ট্রেনে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
নিউটাউনের তিনটি পরীক্ষা কেন্দ্রে সকাল থেকেই জড়ো হয়েছেন ছাত্রছাত্রীরা। টেকনো ইন্টারন্যাশনাল, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ও ইউইএম ইউনিভার্সিটিতে পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৩টি কেন্দ্র মিলিয়ে প্রায় ১৮৪০ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসছেন।
কলকাতা-সহ রাজ্যের ২৭৪টি কেন্দ্রে এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে। কোভিড বিধি মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে বলে খবর। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পর গেট থেকে পরীক্ষা হল অবধি তিন জায়গায় স্যানিটাইজ করা হয়েছে, থার্মাল চেকিং এর ব্যবস্থাও করা হয়েছে। একটা বেঞ্চে একজন করেই পরীক্ষার্থী বসবেন।
এদিন দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে জয়েন্টের অঙ্ক পরীক্ষা। পরের ধাপে দুপুর ২টো থেকে বিকেল চারটে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক।
জয়েন্ট পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা আজ থেকে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন। এবিষয়ে রেলকে চিঠি দিয়েছিল রাজ্য। সেই চিঠির আবেদনে সম্মতি দিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ট্রেনে ওঠার জন্য টিকিট কাউন্টারে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখিয়ে একদিনের টিকিট কাটতে হবে। সেই টিকিট নিয়ে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন পরীক্ষার্থীরা। সমস্ত টিকিট কাউন্টারে নির্দেশ দেওয়া হয়েছে।