দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিন কলকাতা সহ গোটা রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আহত হয়েছেন আরও অনেকে। আর তাই বাজ পড়ার আগাম সতর্কতার জন্য 'আর্ট টু টেকনোলজি' পদ্ধতি চালু করেছিল নবান্ন। কিন্তু সেই পদ্ধতি ব্যর্থ হয়েছে। আর তাই নতুন করে সেই পদ্ধতি চালু করার চেষ্টা করছে রাজ্য। এমনটাই জানিয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান।
সরকারি হিসেব অনুযায়ী প্রতি বছর বাজ পড়ে রাজ্যে মারা যান ১০০ জনের বেশি। তাই ২০১৭ সালের নভেম্বর মাসে এক আমেরিকান কোম্পানির তৈরি আর্ট টু টেকনোলজি পদ্ধতি চালু করে নবান্ন। এই পদ্ধতিতে সেন্সরের মাধ্যমে কোনও জায়গায় বাজ পড়ার প্রায় ১ ঘণ্টা আগে সতর্ক করা যাবে বলেই জানানো হয়েছিল। জানানো হয়, কোনও জায়গায় বাজ পড়ার প্রায় এক ঘণ্টা আগে সেন্সর খবর পাঠাবে আমেরিকায়। সেখান থেকে সঙ্গে সঙ্গে খবর চলে আসবে নবান্নে। নবান্ন থেকে সতর্ক করতে দেওয়া হবে রাজ্যবাসীকে।
রাজ্যের আটটি জায়গায় লাগানো হয় এই সেন্সর। এর জন্য আনুমানিক ৬০ লক্ষ টাকা খরচ হয় রাজ্যের। কিন্তু গত দু'বছরে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই সেন্সর। এই বিষয়ে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান জানান, এই সেন্সর কাজ না করার প্রধান কারণ হলো দূরত্ব। দূরত্ব বেশি থাকায় অনেক সময় ডাউন হয়ে যায় সার্ভার। ফলে ঠিকমতো খবর দিতে পারে না এই যন্ত্র। আর তাই আগাম সতর্কও করা যায়নি।
এই পদ্ধতি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যে আমেরিকান কোম্পানি এই সেন্সর বানিয়েছিল, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। জাভেদ খান জানিয়েছেন, যাতে নতুন করে এই সেন্সর চালু করা যায়, সে ব্যাপারেই কথা বলছেন তাঁরা। যন্ত্র ঠিকমতো কাজ করলে অনেক মানুষকে বিপদের হাত থেকে বাঁচানো যাবে বলেই জানিয়েছেন তিনি।