দ্য ওয়াল ব্যুরো: এশিয়াডে হেপ্টাথেলনে সোনা জয়ী জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মনের মায়ের গলা থেকে হার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। শনিবার সন্ধে বেলা এই ঘটনা ঘটে কালিয়াগঞ্জে।
স্বপ্নার মা জানান ডেঙ্গুয়াঝাড় বাজারে মিষ্টি কিনতে গিয়েছিলেন স্বপ্নার তিনি। তাঁর বোনের স্কুটিতে চেপে ফেরার সময় কালিয়াগঞ্জ বাজারে দ্রুত গতিতে দুটি মোটর সাইকেলে চেপে এসে পিছন থেকে তাঁর গলার হার ছিঁড়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আচমকা এই ঘটনায় জ্ঞান হারান স্বপ্নার মা বাসনা বর্মন।
এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি। তিনি নিজে এই ঘটনার তদন্তে নামছেন বলে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে দুষ্কৃতীরা শিলিগুড়ির দিকে পালিয়েছে।
বৃহস্পতিবারই কলকাতায় আসেন স্বপ্না। সাইতে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় সোনার মেয়েকে। কয়েক দিনের মধ্যেই জলপাইগুড়ির পাতাকাটার ঘোষপাড়ায় নিজের বাড়িতে ফেরার কথা ছিল সোনার মেয়ের। শহরে পা রেখেই বলেছিলেন, মায়ের হাতের ডাল-ভাত খাওয়ার জন্য তিনি মুখিয়ে রয়েছন। এর মধ্যেই ঘটে গেল এই হার ছিনতাইয়ের ঘটনা।