দ্য ওয়াল ব্যুরো: বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় ফের বড় সাফল্য পেল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)। বুধবার এক অভিযানে ভুটানে পাচারের আগেই শিলিগুড়ি থেকে ৮০ লক্ষ টাকার ইউএস ডলার–সমেত কলকাতার এক বাসিন্দাকে গ্রেফতার করে ডিআরআই। ধৃত ব্যক্তির নাম প্রসূন ভৌমিক। সে এই চক্রের ‘ক্যারিয়ার’ হিসেবে কাজ করত বলে দফতর সূত্রে খবর। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।
গোপন খবরের সূত্র ধরে বুধবার রাতে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায় ডিআরআইয়ের কর্মীরা। আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে তল্লাশি চালাতেই কলকাতার বেলগাছিয়ার বাসিন্দা প্রসূন ভৌমিকের কাছ থেকে উদ্ধার হয় ১১২১ মার্কিন ডলার। ভারতীয় টাকায় যার আনুমানিক বাজার মূল্য ৮০ লক্ষ ৯০ হাজার টাকা। ধৃত ব্যক্তি কোমরের বেল্টের মধ্যে চেম্বার বানিয়ে এই বৈদেশিক মুদ্রাগুলো লুকিয়ে রেখেছিল। তল্লাশি চালাতেই এই মুদ্রাগুলো উদ্ধার হয়।
ডিআরআই সূত্রে খবর, বৈদেশিক মুদ্রা পাচারের ক্ষেত্রে ‘ক্যারিয়ার’ হিসেবে কাজ করত ধৃত প্রসূন। বৈদেশিক মুদ্রাগুলো ভুটানে পাচার করার উদ্দেশ্যেই সে এখানে এসেছিল বলে জানা গেছে। সরকারি পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, “আইনত ৫০০০ ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখা যেতে পারে। তবে এক্ষেত্রে নথি ছাড়া এত বেশি মাত্রায় বৈদেশিক মুদ্রা নিয়ে যাওয়া হচ্ছিল তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাচারের উদ্দেশ্যেই সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিলেও, সবটাই তদন্ত সাপেক্ষে।”
কিছুদিন আগেও শিলিগুড়িতে অভিযান চালিয়ে ৪০ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব গোয়েন্দা দফতর। মূলত শিলিগুড়িকে করিডর হিসেবে ব্যবহার করে ‘ক্যারিয়ার’রা। নেপাল, ভুটান, বাংলাদেশে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করা হয়। এর আগেও বেশ কয়েকজন পাচারকারীকে গ্রেফতার করা হলেও, এই কাজ বন্ধ করতে পারছে না ডিআরআই। ফলে মাঝেমধ্যেই এই চক্রের হদিশ পেতে অভিযান চালান দফরের কর্মীরা। এই কাজে মূল পাণ্ডাদের খোঁজে লাগাতার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতরের গোয়েন্দারা।