দ্য ওয়াল ব্যুরো: আর ক’দিন বাদেই ভোট। সেই ভোটে জনসংযোগের জন্য দলীয় কর্মীদের কম বলে মানুষের কথা বেশি করে শোনার পরামর্শ দিলেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জ শহরের প্রতিবাদ সংঘের মাঠে উত্তর দিনাজপুরের তৃণমূল পর্যবেক্ষক বলেন, “মানুষের কাছে যান। প্রশ্ন করলে উত্তর দিন। বলুন কম শুনুন বেশি। যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সেগুলি আমাদের বলুন। আমরা উত্তর দিয়ে দেব।”
২৫ তারিখ ভোটগ্রহণ হবে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। এদিনের কর্মীসবভহায় শুভেন্দু বলেন, “বিজেপি ও কংগ্রেসকে ভোট দেওয়া মানে নোটায় ভোট দেওয়া। কেননা এই ভোটে তৃনমূল কংগ্রেস না জয়ী হলে রাজ্য সরকারের কোনও হেরফের হবেনা। বরং আপনারা তৃনমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এলাকার উন্নয়ন হবে।”
তৃণমূল প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে শুভেন্দু অধিকারীছাড়াও এদিনের সভায় ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল-সহ শাসক দলের শীর্ষ নেতারা।
লোকসভায় রায়গঞ্জ আসন এবার বিজেপি জিতেছে। সেখানকার সাংসদ দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছেন। কিন্তু এই ছ’মাসে তিনি এলাকার জন্য কিছুই করতে পারেননি বলে তোপ দাগেন শুভেন্দু। পরিবহণমন্ত্রী বলেন, “উনি যেখানে যাচ্ছেন, মানুষ সমস্যার কথা বলছেন। আর উনি শুনে বলছেন এটা ওঁর কাজ নয়। তাহলে আপনাকে মানুষ জিতিয়েছে কেন?”
এনআরসি নিয়েও গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলের এই তরুণ নেতা। তাঁর কথায়, “মমতা বন্দোপাধ্যায়ের সরকার যতদিন আছে বা থাকবে ততদিন এনআরসি নিয়ে কোনও ভয় নেই। কাউকে রাত জেগে আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে ছোটাছুটি করতে হবে না।”