সন্ধ্যায় ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, প্রভাব পড়বে কলকাতাতেও
দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল সপ্তাহ শেষে ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সঙ্গে দাপট থাকবে ঝোড়ো হাওয়ার। সেই মতোই আজ বীরভূম এবং পশ্চিম বর্ধমানের একাধিক অংশে রবিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টি হওয়ার কথা। আলিপুর জানিয়
শেষ আপডেট: 26 April 2020 13:44
দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল সপ্তাহ শেষে ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সঙ্গে দাপট থাকবে ঝোড়ো হাওয়ার। সেই মতোই আজ বীরভূম এবং পশ্চিম বর্ধমানের একাধিক অংশে রবিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টি হওয়ার কথা। আলিপুর জানিয়েছে, ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। তার প্রভাব পড়বে কলকাতাতেও। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই কালবৈশাখী হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা-সহ একাধিক জেলায় চলেছে ঝড়বৃষ্টি। অধিকাংশ দিনই আকাশ ছিল মেঘলা। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ছিল ভ্যাপসা গুমোট গরম। তবে দিনের বেলা গরম লাগলেও বিকেলের পর থেকে প্রায় প্রতিদিনই ঠান্ডা হাওয়া বইতে দেখা গিয়েছে।
রবিবারও আংশিক মেঘলা ছিল আকাশ। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। এর সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ।
গতকাল আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী ৭২ ঘণ্টায় শহর কলকাতা ও শহরতলির একাধিক অংশে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। আলিপুরের পূর্বাভাস ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকবে হাওয়ার গতিবেগ। দক্ষিণের পাশাপাশি ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। তবে ঝড় কিংবা বৃষ্টি কোনওটারই স্থায়িত্ব বা তীব্রতা মারাত্মক হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনাই বেশি দুই বাংলায়।
এ বছর বর্ষায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হবে বলেই জানিয়েছে মৌসম ভবন। পাশাপাশি তারা এও জানিয়েছে যে নির্দিষ্ট সময়েই ভারতে আসবে বর্ষা।