দ্য ওয়াল ব্যুরো: উনিশের ভোটের আগে শুক্রবার যখন সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল, তখন বিজেপি-সহ এনডিএ-এর সাংসদরা টেবিল বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তাল ঠুকছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, “বিজেপি-র এই বাজেট স্রেফ দেখনদারি। এটা লোক ঠকানোর ইস্তাহার।”
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাশে বসিয়েই এ দিন সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, “নতুন সরকার এসে নতুন করে বাজেট করবে। এই সরকার আর মেরেকেটে এক মাস। তারপর নতুন সরকার এসে সব করবে।” কৃষকদের জন্য ভোট বাজেটে বড় ঘোষণা করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, দেশের গরিব এবং প্রান্তিক চাষিদের বছরে ৬ হাজার টাকা করে ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা করবে সরকার। এই ঘোষণা নিয়ে যখন মোদীকে ‘কৃষক বন্ধু’ ইমেজ দিতে ময়দানে নেমে পড়েছে বিজেপি, তখন তৃণমূলনেত্রী বললেন, “কৃষকদের জন্য যা ঘোষণা করেছে সব আমাদের টুকলি। আমাদের ফটোকপি।”
দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে বলে এ এ দিন ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তিনি বলেন, “আমি অর্থনীতিবিদ নই। কিন্তু বাজেট নিয়ে অল্পবিস্তর ধারনা তো আমারও আছে!” রেলমন্ত্রী হিসেবে একাধিকবার বাজেট পেশ করেছেন তিনি। কৃষকদের টাকা দেওয়ার ঘোষণা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সব লোক দেখানো। এক মাসে কোনও সরকারের বাজেট বাস্তবায়িত করা সম্ভব নয়। তা ছাড়া এই ঘোষণা করে অন্যদিকে এনরেগার বরাদ্দ ছাঁটাই করেছে সরকার।”