দ্য ওয়াল ব্যুরো: তাপস পালের সঙ্গে ‘ভালবাসা ভালবাসা’ সুপার ডুপার হিট করার পরও বোধহয় অভিনেত্রী দেবশ্রী রায়ের নাম এত আলোচনায় আসেনি। দেবশ্রী সিনেমার মধ্যে নেই বহু বছর। রাজনীতিতে আছেন। তৃণমূলের টিকিটে জিতে দু’বারের বিধায়ক। কিন্তু তাঁকে নিয়ে যে এমন বাংলার রাজনীতি উথালপাতাল হবে কে জানত?
দেবশ্রী রায়কে বিজেপি সদর দফতরে এন্ট্রি পাস দিয়েছিল কে? এই নিয়েই এখন জোর ঝগড়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় আর বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। গত ১৪ অগস্ট নয়া দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি হেড কোয়ার্টারে শোভন-বৈশাখী গেরুয়া শিবিরে যোগ দিতে গিয়ে জানেন, পাশের ঘরেই দেবশ্রী রয়েছেন। তারপর শোভন-বৈশাখীর আপত্তিতে দেবশ্রীকে তখনকার মতো ফেরত পাঠিয়ে দেয় বিজেপি নেতৃত্ব। কিন্তু তারপরেও ঝগড়া অব্যাহত।
কে নিয়ে গিয়েছিল দেবশ্রীকে?
শোভনের দাবি, জয়প্রকাশ মজুমদারই এনজিও-র সূত্র ধরে দেবশ্রী রায়কে নিয়ে গিয়েছিলেন। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, “সব আমার জানা আছে। কোথায় কী গল্প সব আমি জানি।” অন্যদিকে জয়প্রকাশ কী বলছেন? কংগ্রেস থেকে বিজেপি-র মুখপাত্র বনে যাওয়া জয়প্রকাশবাবু বলেন, “দেবশ্রী রায়ের সিনেমা ছাড়া তাঁর সঙ্গে জীবদ্দশায় আমার কোনওদিন দেখাই হয়নি। ফোনেও কথা হয়নি।” তাহলে শোভনবাবু যে বলছেন আপনিই দেবশ্রীকে বিজেপি দফতরে নিয়ে গিয়েছিলেন? জয়প্রকাশবাবু বলেন, “দেবশ্রী বিজেপি অফিসে আছেন শুনে বৈশাখীদেবী আমার সামনে শোভনবাবুকে সে দিন বলেন, নিশ্চয়ই তুমিই দেবশ্রীকে ডেকে এনেছ!” জয়প্রকাশ আরও বলেন, “আমি ১৩ অগস্ট রাতে দিল্লি গিয়েছিলাম। ১৪ তারিখ দেখেছি শোভন বৈশাখীর পিছন পিছনই দেবশ্রী ঢুকছেন বিজেপি সদর দফতরে।”
এর মধ্যেই আবার দেবশ্রী কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের। বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, মহুয়ার অনুরোধেই তিনি দেবশ্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সপ্তাহ দুই আগে দিলীপের বাড়িতে মাঝ রাতে গিয়েছিলেন দেবশ্রী। কিন্তু দেখা হয়নি। তারপর ফোনে কথা বলেন। মহুয়াই নাকি তাঁকে বলেছিলেন, দেবশ্রী ভাল মেয়ে। ও তৃণমূলে থাকতে পারছে না। ওঁকে নিন। যদিও দিলীপের দাবি উড়িয়ে দিয়ে মহুয়া জানিয়েছেন, এ সব কিচ্ছু হয়নি। তাঁর সঙ্গে দিলীপ ঘোষের হাই-হ্যালোর সম্পর্ক।
সব মিলিয়ে দেবশ্রী যেন এখন একটা রহস্যের নাম। আর তাঁকে ঘিরেই যত ঝগড়া বঙ্গ বিজেপি-তে। শোভন, বৈশাখী, দিলীপ, মহুয়া, জয়প্রকাশ—এতগুলো নাম জড়িয়ে যাওয়ার পরও দেবশ্রী নীরব।
জল মাপছেন রায়দিঘির বিধায়ক?