দ্য ওয়াল ব্যুরো: শ্রমিক-বিক্ষোভে উত্তাল হাওড়ার বীরশিবপুর। বীরশিবপুরের আইটিসি ফুড কর্পোরেশন প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মীরা নিয়ম ভেঙে কাজ করতে চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন। এদিন সকালের শিফটের কর্মীদের ফোন করে ডেকে কাজে যোগ দেওয়ানো হয় বলে অভিযোগ। তবে সমস্যা হয় দুপুর দুটোর শিফট শুরুর আগে। কর্মীরা জানিয়েছেন যে তাঁদের বলা হয় করোনা সংক্রান্ত সতর্কতার জন্য বায়োমেট্রিক হাজিরা দেওয়া যাবে না এমনকি সইও করা যাবে না।
তাঁদের বক্তব্য, এর ফলে কারখানায় কাজ চলাকালীন কোনও সমস্যা হলে বা বিপদ ঘটলে তার দায় নেবেন না কর্তৃপক্ষ। সেজন্যই করোনা সংক্রান্ত সতর্কতার সময় তাঁরা নিয়ম ভেঙে কাজ করতে বাধ্য করতে চাইছেন। বহু সংস্থায় যেখানে অর্ধেক বেতন দিয়ে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে সেখানে এই কারখানায় তেমন কিছু করা হচ্ছে না বলেও তাঁরা অভিযোগ তুলেছেন। এই সব অভিযোগেই তাঁরা কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পীযূষ কয়াল নামে এক শ্রমিক বলেন, “সাতজনের বেশি জমায়েত করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আরেকটি নামী বিস্কুট কারখানা সেই নিয়ম মেনে কর্মীদের ছুটি দিয়েছে কিন্তু আইটিসি সেই নিয়ম মানছে না। কারখানার সামনে যে এত লোক জমা হয়েছে এটাও তো নিয়ম ভঙ্গ করাই।”
খবর পেয়ে ঘটনাস্থলে রাজাপুর থানার পুলিশ আসে। তখন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। পুলিশকর্মীদের কাছে তাঁরা অভিযোগ করেন যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নির্দেশিকা ভেঙে তাঁদের কাজ করার জন্য চাপ দিচ্ছেন কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে যে বিষয়টি তারা তদন্ত করে দেখছে।
কর্মীদের অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে কারখানার ফটক থেকেই ফিরিয়ে দেওয়া হয় সাংবাদিকদের। নিরাপত্তারক্ষীরা জানিয়ে দেন যে কর্তৃপক্ষ এব্যাপারে কোনও কথা বলবেন না।