দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য ভবনের কর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ। গত কয়েকদিন ধরেই তাঁর শরীরে জ্বর-সর্দি-কাশির মতো করোনার উপসর্গ ছিল বলে জানা গিয়েছে। তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তার লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। তাঁর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে খবর। যদিও স্বাস্থ্য ভবনের তরফে এ ব্যাপারে এখনও কিছু বলা হয়নি।
অন্যদিকে গার্ডেনরিচ থানার ওসিকে করোনা সন্দেহে ভর্তি করা হয়েছিল এমআর বাঙ্গুর হাসপাতালে। তাঁর শরীরেও কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে বলে খবর। এই পুলিশ আধিকারিকের করোনা সংক্রমণের ব্যাপারেও স্বাস্থ্য ভবনের তরফে কিছু বলা হয়নি।
তবে প্রশাসনের অনেকের আশঙ্কা, গার্ডেনরিচ থানার ওসির যদি সত্যিই করোনা পজিটিভ হয়ে থাকে তাহলে অনেককেই কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। সেক্ষেত্রে গার্ডেনরিচ থানার প্রশাসনিক কাজ কী ভাবে চলবে তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে পুলিশের মধ্যে।