দ্য ওয়াল ব্যুরো: অস্থায়ী কর্মীদের কর্মবিরতির মধ্যে পড়ে বারাসতে হেনস্থা হতে হল উত্তর ২৪ পরগনার আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস দাশগুপ্তকে। তাঁকে ঘিরে চলে বিক্ষোভ ও ধস্তাধস্তি।
টানা তিন দিন ধরে কর্মবিরতি করছেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বারাসত ডিপোর অস্থায়ী কর্মীরা। এর ফলে যেখানে স্বাভাবিক ভাবে ৮০টি বাস চলাচল করার কথা সেখানে চলেছে মাত্র সাতটি বাস। স্বাভাবিক ভাবেই ব্যাহত হয় যাত্রী পরিষেবা। যদিও অস্থায়ী কর্মীদের সাফ কথা, দাবি না মানা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
যাঁরা ২০১০ সাল থেকে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছেন তাঁদের স্থায়ীকরণের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। বারাসত ডিপোর কন্ডাক্টর সন্দীপ সিং জানিয়েছেন কোনও শ্রমিক ইউনিয়নের ছাতার তলায় তাঁরা আন্দোলন করছেন না। তাঁদের যুক্তি হল, একই কাজ করতে হলেও ছুটি ও অন্য সুযোগসুবিধার বৈষম্য তো রয়েইছে, সবচেয়ে বড় বৈষম্য বেতনে। এতটাই কম বেতন তাঁরা পান যে তাতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে। বারবার আবেদন করলেও সরকার তাদের স্থায়ী করার ব্যাপারে কোনও রকম আশ্বাস দেয়নি, তাই তাঁরা কর্মবিরতি পালন করছেন। দাবি না মানা পর্যন্ত তাঁরা কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
তাপস দাশগুপ্ত এদিন বলেন যে এই আন্দোলনের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী কাল থেকে যাতে গাড়ি চলাচল স্বাভাবিক হয় সেদিকে নজর দেবেন। এদিন অবশ্য আন্দোলনকারীদের সঙ্গে তিনি কথা বলতে গেলে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ।