
শেষ আপডেট: 27 May 2020 09:30
সময় যত যাচ্ছে উমফানের ধ্বংসলীলার ছবিও তত স্পষ্ট হচ্ছে। ঝড়ের তাণ্ডবে বাড়ি ভেঙে পড়েছে। কোথাও চাল উড়ে গেছে। বই-খাতা নদীর জলে ভেসে গেছে। লকডাউনের জন্য মজুত করে রাখা চালও নদীর জলে ভেসে গেছে। চোখে মুখে এখন সকলের হতাশা আর আতঙ্কের ছাপ।
সামনে বিপুল জলরাশি তবে এক ফোঁটাও পান করার জো নেই।
এরই মধ্যে পানীয় জল ও বিদ্যুতের দাবিতে জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পথ অবরোধ। বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া থানার শিকড়া কুলিনগ্রাম গ্রাম পঞ্চায়েতের শিকড়া কুলিনগ্রামে টাকি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বেলা বারোটা থেকে অবরোধ শুরু হয়। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়। ঘটনাস্থলে যায় মাটিয়া থানার পুলিশ।
বসিরহাট মালঞ্চ রোডের পিফায় পানীয় জল ও বিদ্যুতের দাবিতে কয়েকশো গ্রামবাসী রাস্তা অবরোধ করেন। উমফানের সাত দিন পরে বিদ্যুৎ ও পানীয় জলের সঙ্কট তীব্র হওয়ায় কংগ্রেস নেতা কাদের সরদারের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা রাস্তার উপরে মাটির হাঁড়ি-কলসি নিয়ে সকাল থেকে অবরোধ শুরু করেন একই দাবিতে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গেছে।