
শেষ আপডেট: 10 September 2020 12:23
সূত্রের খবর, লকডাউনের মধ্যে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে কলকাতা পুলিশের হাতেও প্রায় ৫০ জন গ্রেফতার হয়েছে। অবশ্য কলকাতা পুলিশের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
গত মঙ্গলবার পুলিশ দিবস উপলক্ষ্যে নবান্ন থেকে বড় অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেউ কেউ ফেক খবর ছড়াচ্ছে। বলছে, রাজ্য সরকার নাকি পুজো করতে দেবে না। আমি পুলিশকে বলব, এদের খুঁজে বের করুন। কিন্ত মারবেন না। ১০০ বার কান ধরে ওঠবস করান। আর যদি ওরা প্রমাণ করতে পারে সরকার এমন কোনও সিদ্ধান্ত নিয়েছে তাহলে আমি কান ধরে ওঠবস করব।”
পুজো এখনও দেড় মাসের মতো বাকি। কোভিড পরিস্থিতিতে এবার অধিকাংশ বড় পুজোর উদ্যোক্তারাই সিদ্ধান্ত নিয়েছেন, নিয়মরক্ষা করে ছেড়ে দেওয়া হবে। কী কী বিধি জারি করা যায় তা নিয়ে পুলিশ ও প্রশাসনের মধ্যেও আলোচনা চলছে। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন একটা অংশ ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।
তবে শুধু পুজো নিয়ে নয়, তার আগেও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে ভুয়ো খবর ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সব খবর পেতে স্বাস্থ্য দফতরের বুলেটিনকেই ভরসা করার কথা বলেন তিনি। মাঝেমধ্যেই সাংবাদিক সম্মেলন করে তাঁকে কিংবা মুখ্যসচিবকে রাজ্যের করোনা পরিসংখ্যান দিতে দেখা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এইসব ভুয়ো খবর কারা ছড়াচ্ছে তা চিহ্নিত করার কাজ শুরু করে সাইবার সেল। শুরু হয় ধরপাকড়ও। এতদিনে এই কাজের জন্য কতজনকে গ্রেফতার করা হয়েছে তার একটা পরিসংখ্যান জানাল রাজ্য পুলিশ।