দ্য ওয়াল ব্যুরো: স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে বালির নিশ্চিন্দায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিশ্চিন্দা থানার পুলিশ।
জানা গিয়েছে দশম শ্রেণির ওই ছাত্রী বালিতে মাসি, মেশোর কাছে থাকে। অভিযোগ, শুক্রবার রাত ১১টা নাগাদ প্রতিবেশি এক যুবক ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই যুবককে মামা বলে ডাকে ওই ছাত্রীটি। এরপর দীর্ঘক্ষণ সে বাড়িতে না আসায় খুঁজতে বার হন মেশো। তিনি পুলিশকে জানিয়েছেন, বাড়ির অদূরেই একটি ঝোপে ছাত্রীটিকে পড়ে থাকতে দেখেন। তখনই ওই যুবক ছুটে পালিয়ে যায়। অভিযোগ, ওই যুবকের সঙ্গে আরও একজন ছিল।
এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। তবে ওই ছাত্রী কেন অত রাতে বাইরে গেল তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। শনিবার সকালে থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ছাত্রীটির মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।