দ্য ওয়াল ব্যুরো: কয়লা কাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগেও বার দুয়েক সমন পাঠিয়েছিল ইডি। আজ মঙ্গলবার তাঁকে দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
আসানসোল পুরভোটের আগে গত ২ ফেব্রুয়ারি মন্ত্রীকে তলব করা হয়েছিল। ওই দিন তাঁকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কয়লা-কাণ্ড নিয়ে রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ছিলেন ইডি আধিকারিকরা।
মন্ত্রী মলয় ঘটককে ইডি-র নোটিস পাঠানোর বিষয়টি নতুন নয়। এর আগে ওই তদন্তকারী সংস্থাটি বেশ কয়েক বার নোটিস দিয়ে তাঁকে দিল্লিতে ডেকে পাঠায়। তাতে সাড়াও দেন মলয়। এ বারও তিনি ইডি-র ডাকে সাড়া দিতে দিল্লি যাবেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
মলয়ঘটক আসানসোলের বিধায়ক। আসানসোল কয়লা বেল্ট বলে পরিচিত। এর আগে কয়লাকাণ্ডে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ উঠেছিল। তাঁকে নোটিস পাঠিয়েছিল সিবিআইও।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাচ্ছে, কয়লা পাচার কাণ্ডে মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। গোটা বিষয়টা তদন্ত করে দেখতে মলয়বাবুর বয়ানও রেকর্ড করা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি, মলয় হাজিরা না দেন সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না ইডি। যদিও, এখনও এ নিয়ে মলয় ঘটকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি দিল্লি যাচ্ছেন কি না তাও স্পষ্ট নয়। তবে তিনি যদি হাজিরা না দেন, তাহলে তাঁর আইনজীবীর তরফ থেকে জানানো হবে, কেন মলয় হাজিরা এড়ালেন।
কয়লা কাণ্ডে আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে নোটিস পাঠিয়েছিল ইডি।