আলিমুদ্দিনে সিপিএমের বৈঠক চলছে, রাজ্য কমিটির সদস্য শিলিগুড়িতে তৃণমূলে
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার শুরু হয়েছিল সিপিএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠক। শুক্রবার তা শেষ হয়েছে। কিন্তু সেই ভার্চুয়াল বৈঠক যখন চলছে তখন আলিমুদ্দিন স্ট্রিট থেকে ৫৭৩ কিলোমিটার দূরে শিলিগুড়িতে তৃণমূলে যোগ দিয়ে দিলেন রাজ্য কমিটির সদস্য তথা স
শেষ আপডেট: 28 January 2022 16:35
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার শুরু হয়েছিল সিপিএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠক। শুক্রবার তা শেষ হয়েছে। কিন্তু সেই ভার্চুয়াল বৈঠক যখন চলছে তখন আলিমুদ্দিন স্ট্রিট থেকে ৫৭৩ কিলোমিটার দূরে শিলিগুড়িতে তৃণমূলে যোগ দিয়ে দিলেন রাজ্য কমিটির সদস্য তথা সিটু নেতা রবীন রাই।
আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের হাত থেকে তৃণমূলের পতাকা নেন রবীন।
কে এই রবীন রাই?
কথিত আছে বাম আমলে ডুয়ার্সের চা বলয়ে চা বাগানের পাতা নড়তেও দাপুটে সিটু নেতা রবীন রাইয়ের অনুমতি লাগত। সেই কমিউনিস্ট নেতা এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা সিপিএমের সম্পাদক কিশোর দাস বলেন, “ রবীন রাইয়ের বিরুদ্ধে পার্টির জমি বিক্রি করে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। তার পরে আমরা জেলা কমিটির পক্ষ থেকে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে রাজ্য পার্টিকে জানিয়েছি। শুক্রবার রাজ্য কমিটি তাঁকে বহিষ্কার করত। তার আগেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবীন রাইয়ের আদর্শচ্যুতি আগেই হয়েছে।”
সিপিএমের এই তাবড় নেতাকে ভাঙিয়ে তৃণমূলে নেওয়ার পিছনে ঋতব্রতর ভূমিকা রয়েছে বলে মনে করছেন অনেকে। কারণ, ঋতব্রত তৃণমূলে শুরুর দিকে আলিপুরদুয়ারের দায়িত্বে ছিলেন। অনেকের মতে সেই সুবাদেই রবীনকে টেনেছেন তিনি। কারণ সিপিএমের নাড়ি নক্ষত্র তিনি জানেন।
সিপিএমের এক নেতার কথায়, রবীনকে এখন বহিষ্কার করলে পার্টি হাস্যকর জায়গায় যাবে। কারণ প্রক্রিয়াগত জটিলতায় ও আগেই তৃণমূলে যোগ দিয়ে দিয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'