দ্য ওয়াল ব্যুরো: আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সম্পর্ক ঘিরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ও প্রাক্তন বিরোধী দলনেতা তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নানের মতবিরোধ আরও প্রকাশ্যে এল সোমবার। এদিন অধীর চৌধুরী ফের সাফ জানিয়ে দেন, আইএসএফের সঙ্গে কংগ্রেসের কোনও জোট ছিল না। তাই থাকার প্রশ্নও ওঠে না। সেই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও জানিয়ে দেন, কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বও যদি আইএসএফের সঙ্গে জোটের কথা বলে তাহলেও তিনি আপত্তি জানাবেন।
দিন কয়েক আগে বিধানসভা নির্বাচনের বিপর্যয় নিয়ে প্রদেশ কংগ্রেসের পর্যালোচনা বৈঠক শেষে অধীর জানিয়ে দিয়েছিলেন, আইএসএফের সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। আব্বাস সিদ্দিকিদের সঙ্গে জোট হয়েছিল বামেদের। আর বামেদের সঙ্গে জোট করেছিল কংগ্রেস। তাই আইএসএফের সঙ্গে কংগ্রেসের জোট টিকিয়ে রাখার প্রশ্নই ওঠে না। তাঁর আরও বক্তব্য ছিল, যে জোট হয়নি তা টিকিয়ে রাখার প্রশ্ন আসছে কীভাবে?
কিন্তু রবিবার ঠিক উল্টো কথাই বলেছেন প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নান। তিনি ফুরফুরা শরিফে গিয়ে আব্বাসের সঙ্গে একান্ত বৈঠকের পর দাবি করেন, কংগ্রেসের সর্বভারতীয় নেতত্বের অনুমোদন নিয়ে আইএসএফের সঙ্গে জোট হয়েছিল। সর্বভারতীয় নেতৃত্ব জোট ভাঙার কথা বলেনি। তাই তা অটুট আছে ধরে নিতে হবে। মান্নান আর দাবি করেন, তিনি বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মধ্যে সবচেয়ে প্রবীণ। দিল্লির নেতৃত্বের কাছ থেকে জোট ভাঙার কোনও নির্দেশ বা বার্তা তাঁর কাছে নেই।
এদিন মান্নানের বক্তব্য সম্পর্কেই অধীরের প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। তিনি কারও নাম না করে বলেন, "দিল্লির বড় বড় নেতাদের সঙ্গে অনেকের যোগাযোগ থাকতে পারে। আমার হয়তো তেমন যোগাযোগ নেই। কিন্তু প্রদেশ কংগ্রেসের কাছে সর্বভারতীয় নেতৃত্বের তরফে কোনও নির্দেশ নেই যে আইএসএফের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে।"
আইএসএফ-কে নিয়ে অধীরের আপত্তি অবশ্য নতুন নয়। সংযুক্ত মোর্চার নামে ভোটের আগে ব্রিগেডের সভাতেই অধীরকে থামিয়ে আব্বাদের দিকে মাইক্রোফোন এগিয়ে দেওয়ার ঘটনা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এদিন অধীর বলেন, আমি তো ব্রিগেডের সভাতেই বলে দিয়েছিলাম, আইএসএফের সঙ্গে আমাদের কোনও জোট নেই।
জোট ব্যাখ্যা করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আইএসএফ আমাদের কাছে আসন দাবি করেছিল। আমি বলেছিলাম, আমাদের জোট হয়েছে সিপিএমের সঙ্গে। তাদের সঙ্গে কথা বলে কংগ্রেসের আসন সংখ্যা ঠিক করা হয়েছে। আপনারা আসন চাইলে সিপিএমের সঙ্গে বুঝে নিন।