
শেষ আপডেট: 10 April 2023 17:51
দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে (Netaji Subhash Open University) দীর্ঘদিন অচলাবস্থা চলছে। ২০২২ সালে এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ থেকে অধ্যাপক শুভশঙ্কর সরকার অব্যহতি নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বিশৃঙ্খলা। শুভশঙ্করের পরে অস্থায়ী উপাচার্য হিসেবে আসেন অধ্যাপক ড: রঞ্জন চক্রবর্তী। কিন্তু তিনিও চলে যাওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন।
শুধু উপাচার্য নয়, এই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদেও স্থায়ী হিসেবে কেউ নেই। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ে আরও বেশকিছু পদেও স্থায়ী কেউ না থাকায় পরিচালনায় অনেক সমস্যা হচ্ছে। এবার বিশ্ববিদ্যালয়ের অর্থ সচিব পদ থেকেও শচীন্দ্র চন্দ্র করও অবসরগ্রহণ করতে চলেছেন।
এদিন বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা নিয়ে সরব হয় ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক সংগঠন 'নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি'। সাংবাদিক বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা তুলে ধরে তারা। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের অতীত গৌরবের কথাও মনে করিয়ে দেওয়া হয়। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সম্পাদক ড: বর্ণনা গুহঠাকুরতা (বন্দ্যোপাধ্যায়), সভাপতি অধ্যাপক মনন কুমার মণ্ডল সহ প্রমুখরা।
১৯৯৭ সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়। বর্তমানে সরকারি সাহায্যপ্রাপ্ত এই বিশ্ববিদ্যালয়ে ৫ লক্ষ শিক্ষার্থী রয়েছে। শুধু তাই নয়, গতবছর এই বিশ্ববিদ্যালয় এনএএসি কর্তৃক 'এ' গ্রেডও পায়।
সেই বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থা নিয়ে উদ্বিগ্ন শিক্ষা মহল। সম্প্রতি রাজ্যের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা নিয়ে পদক্ষেপ শুরু করেছেন। এখন দেখার এই দাবি কোন দিকে মোড় নেয়।
সবংয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু মায়ের