
শেষ আপডেট: 21 August 2022 12:00
দ্য ওয়াল ব্যুরো: খেয়েদেয়ে রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন (Sleeping) স্বামী-স্ত্রী। সেই অবস্থাতেই দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে (Stabbed) গেল দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) পলাশিপাড়া থানার অভয়নগর গ্রামে। আহত স্বামী-স্ত্রীর নাম আলিমুদ্দিন শেখ ও রহিমা শেখ। জানা গেছে, তাঁদের তিন মেয়ে। তিনজনেরই বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে একাই থাকেন স্বামী-স্ত্রী। গত রাতে দুজনে রাতের খাওয়া সেরে ঘুমোতে যান। রাত তখন আনুমানিক ১.৩০, কয়েকজন দুষ্কৃতী এসে আচমকাই ঘুমন্ত মহিলার গলায় ছুরি চালায়।
সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় রহিমা শেখের। আতঙ্কে চিৎকার করে উঠে তিনি স্বামীকে জড়িয়ে ধরেন। তখন তাঁর স্বামী আলিমুদ্দিন শেখকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে দুষ্কৃতীরা। তারপর তারা পালিয়ে যায়।
রহিমা শেখ জানিয়েছেন, দুষ্কৃতীদের প্রত্যেকেরই মুখ বাঁধা ছিল। তাই তাদের কাউকেই চেনা সম্ভব হয়নি। কারা কী উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় আলিমুদ্দিন এবং রহিমা শেখকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
বন্ধুকে খুন করার অভিযোগ ছিল, শালিমার জিআরপির লক-আপ ভেঙে পালাল দুই বন্দি