
শেষ আপডেট: 18 May 2022 05:26
দ্য ওয়াল ব্যুরো: উচ্চতা সাড়ে পাঁচ ফুট। কিন্তু তাঁর থুতনির নীচ থেকে যে দাড়ি ঝুলছে, তার দৈর্ঘ্য মাপতে গেলে চোখ উঠবে কপালে। আট ফুটের দাড়ি (beard) রেখেছেন ফকির মহম্মদ জবিরুল শেখ (Mursidabad)। দাড়ি কাটেননি সেই ২০০০ সাল থেকে।
মুর্শিদাবাদের (Mursidabad) ভগবানগোলার জবিরুল শেখ এখন বিস্ময়ের আরেক নাম। আট ফুট লম্বা দাড়ি নিয়ে ঘরে বেড়ান। যত্ন করে আরও বড় করে চলেন দাড়ি। এই দাড়িই তার সম্পদ। লক্ষ্য একটাই, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা।
আরও পড়ুন: মেট্রোয় বিভ্রাট, সাতসকালে ভোগান্তিতে যাত্রীরা
বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ি বানিয়ে রেকর্ড করতে চান জবিরুল (Mursidabad)। তাক লাগিয়ে দিতে চান সকলকে। সেই আশাতেই ২২ বছর ধরে দাড়িতে কাঁচি চালাননি তিনি। দাড়ি বাড়িয়েই চলেছেন।
ভগবানগোলার জবিরুল পেশায় টোটো চালক। বয়স নয় নয় করেও ৬০ ছুঁইছুঁই করছে। ৫৮ বছর বয়সি এই দাড়ি বুড়োকে নিয়ে চর্চার শেষ নেই ভগবানগোলায়।
জবিরুল বলেন, ২০০০ সালে যে বন্যা হয়েছিল, তারপরেই নাকি স্বপ্নাদেশ আসে তাঁর কাছে। সেই থেকে আর দাড়ি কাটেননি। মা আর ভাইকে নিয়ে তিন জনের সংসার জবিরুলের, অনটন সেখানে নিত্য সঙ্গী। কিন্তু তাতেও স্বপ্ন দেখা বন্ধ করেননি জবিরুল। তাঁর বিশ্বাস, একদিন ঠিক বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ির খেতাব তিনি জয় করে নেবেন।
জবিরুল জানিয়েছেন, দাড়ির রেকর্ডের স্বপ্ন নিয়েই বেঁচে আছেন তিনি। বিয়ে থা করেননি সেজন্যেই। পৃথিবীর সবচেয়ে বড় দাড়িওয়ালার খেতাব এখন রাজস্থানের গিরধর ভায়াসের দখলে। ২০১৮ সালে এই খেতাব পান তিনি। তাঁর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন মুর্শিদাবাদের জবিরুল। তবে পূর্বতন রেকর্ড তাঁকে নিরাশ করতে পারেনি।