
শেষ আপডেট: 16 July 2023 12:51
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভোট মিটে গেছে এক সপ্তাহ হয়ে গেল। কিন্তু মুর্শিদাবাদের মৃত্যু মিছিল যেন থামছেই না। জেলায় ভোট পরবর্তী হিংসার বলি হলেন আরও ১ জন (Murshidabad 1 more dead)।
মৃতের নাম রিন্টু শেখ। তাঁর বাড়ি হরিহরপাড়া ব্লকের নিয়ামতপুর গ্রামে। তিনি একজন বাম সমর্থক বলে জানা গেছে। সূত্রের খবর, ৮ তারিখ ভোটের দিন তৃণমূলের ভোট লুটের ঘটনা রুখতে গিয়েছিলেন রিন্টু। তখনই শাসকদলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি।
তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিকভাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় রিন্টুকে।
কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা হল না। রবিবার দুপুরে এন আর এস হাসপাতালের চিকিৎসকরা রিন্টু শেখকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।
উল্লেখ্য, এবারের পঞ্চায়েত ভোটে সবচেয়ে বেশি হিংসার ঘটনার খবর পাওয়া গেছে মুর্শিদাবাদ থেকে। রবিবার রিন্টুর ঘটনা মিলিয়ে এখনও পর্যন্ত সেই জেলায় ভোটকে কেন্দ্র করে হিংসাত্মক হামলার ঘটনায় ১৫ জনের মৃত্যু হল। ভোট ঘোষণা পর থেকে মনোনয়ন জমা দেওয়া পর্যন্ত মুর্শিদাবাদে চারজনের মৃত্যু হয়েছিল। অভিযোগ, তাঁদের মধ্যে দুজন মারা গিয়েছিলেন বোমা বাঁধতে গিয়ে। এরপর গত সপ্তাহে শনিবার ভোটের দিনই মৃত্যু হয়েছিল পাঁচজনের। সোমবার সকালে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। তারপর থেকে রবিবার পর্যন্ত আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কোমর ভাঙল বৃদ্ধার! রোগীকে ফেলে দেওয়ার অভিযোগ বনগাঁর হাসপাতালের বিরুদ্ধে