
শেষ আপডেট: 26 February 2023 16:41
দ্য ওয়াল ব্যুরো: ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির (Naushad Siddiqi) গ্রেফতারি এবং তাঁকে জেলবন্দি করে রাখা নিয়ে এবার সরব হলেন বাম বুদ্ধিজীবীরা (Left Intellectuals Reaction)। একটি লিখিত বিবৃতিতে নওসাদের মুক্তির দাবি জানিয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ আরও অসংখ্য শিক্ষা ও সংস্কৃতিক ক্ষেত্রের বাম তাত্ত্বিকরা।
সেই বিবৃতিতে তাঁরা স্পষ্টই বলেছেন, নওসাদকে রাজনৈতিক অভিসন্ধিতেই একের পর এক মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বিরোধী শূন্য করার মানসিকতা থেকেই এই পদেক্ষেপ করেছে রাজ্য সরকার।
ধর্মতলায় ধুন্ধুমারের ঘটনায় হেয়ার স্ট্রিট থানা প্রথমে গ্রেফতার করেছিল নওসাদকে। তারপর সেই মামলায় পুলিশ হেফাজত কাটিয়ে তিনি যখন জেল হেফাজতে তখন নতুন একটি মামলায় তাঁকে হেফাজতে নেয় লেদার কমপ্লেক্স থানা। এই হেফাজত যেদিন শেষ হয় সেদিন আবার নতুন একটি মামলায় ভাঙড়ের বিধায়ককে হেফাজতে নেয় নিউ মার্কেট থানা।
এর মধ্যেই তৃণমূল অভিযোগ করে, একুশের ভোটের আগে নওসাদ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। সংখ্যালঘু ভোট কেটে যেভাবে আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির সুবিধা করে দেন তেমনই এই রাজ্যে ভূমিকা নিয়েছিলেন নওসাদরা।
এই পরিস্থিতিতেই এদিন প্রায় শ'খানের বামপন্থী বিশিষ্টজন একটি বিবৃতি প্রকাশ করলেন। তাতে তাঁরা নওসাদ-সহ মোট ৮৮ জন বন্দির মুক্তির দাবি করে বলেছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনকে বিরোধী দলের প্রভাব থেকে মুক্ত করার অভিপ্রায়েই এই গ্রেফতারি।
বিবৃতিতে লেখা হয়, 'রাজ্যের তরুণ বিধায়কদের অন্যতম, ভাঙড় থেকে নির্বাচিত আইএসএফ-র জনপ্রতিনিধি মহঃ নওসাদ সিদ্দিকি এবং শাসক দলের বিরুদ্ধে আন্দোলনরত ৮৮ জন মানুষকে একটির পর একটি মামলায় জড়িয়ে কারাবন্দি রাখছে রাজ্য প্রশাসন। রাজনৈতিক অভিসন্ধিমূলক নানা অপবাদের শিকার করতে চাইছে। লক্ষ্য একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচনকেও বিরোধীদলীয় প্রভাবমুক্ত করা। এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে চরম অবমাননাকর এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। এই মামলায় বন্দি থাকা মানুষদের মধ্যে বহু গ্রামীণ শ্রমজীবী, শিক্ষক, চাকুরীজীবী মানুষরা আছেন, যাঁদের জীবন-জীবিকা এই ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা অবিলম্বে বিধায়ক নওসাদ সিদ্দিকি-সহ ৮৮ জন আন্দোলনকারীর মুক্তির দাবি করছি।'
'মণীশ নোংরা রাজনীতির শিকার, মানুষ জবাব দেবে', বিজেপিকে নিশানা কেজরিওয়ালের