
শেষ আপডেট: 20 September 2022 06:13
দ্য ওয়াল ব্যুরো: তফসিলি উপজাতি তালিকায় আনতে হবে তাদের। এই দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকেই রেল (Rail Roko) ও জাতীয় সড়ক অবরোধ করেন কুড়মি (Kurmi) জনজাতির মানুষেরা। পুরুলিয়া (Purulia) ও ঝাড়গ্রামের (Jhargram) বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন তাঁরা। ফলে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
কুড়মি জাতিকে তফসিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি বহুদিন ধরে জানিয়ে আসছিল কুড়মি মাহাতো সমাজ সংগঠন। কিন্তু তাদের দাবি, সরকার তাদের কথা কানে তুলছে না। তাই পথ ও রেল অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা জুড়ে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে।
এদিন সকাল থেকেই এই ডাকে সাড়া দিয়ে কুড়মি জনজাতির মানুষেরা ধামসা মাদল নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে পড়েছেন। পুরুলিয়া ও ঝাড়গ্রামের বেশ কয়েকটি রাস্তা ও রেলপথে এই অবরোধ শুরু হয়। বিপর্যস্ত হয়ে পড়েছে রেল চলাচল। রাস্তাঘাটও সুনসান।
ঝাড়গ্রামের খেমাশুলি হোক বা পুরুলিয়ার আদ্রা, সব জায়গায় একই চিত্র। হাজার হাজার মানুষ পথে নেমেছেন এই কর্মসূচিতে অংশ নিতে। ধামসা মাদল বাজিয়ে রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়েছেন তাঁরা। কেউ কেউ আবার শুয়ে আছেন রেললাইনের ওপরই।
ফলে ব্যহত হয়েছে দক্ষিণ-পূর্ব ডিভিশনের রেল চলাচল। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেন পরপর দাঁড়িয়ে পড়েছে। কুড়মি জনজাতির প্রতিনিধিদের কথায়, যতক্ষণ না তাঁদের দাবি মানা হবে ততক্ষণ অবরোধ তুলবেন না। এদিকে এই অবরোধের জেরে সপ্তাহের দ্বিতীয় দিনে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে পড়ুয়ারা।
স্বাস্থ্যসাথী কার্ড নেয়নি, ডেঙ্গি হলেও ডেথ সার্টিফিকেটে উল্লেখ নেই! নার্সিংহোমে ভাঙচুর শিলিগুড়িতে