
শেষ আপডেট: 28 September 2022 13:42
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুজো অনুদানে (Puja donation) ভাগ বসানোর অভিযোগ উঠল কোন্নগর পুরসভার (Konnagar municipality) বিরুদ্ধে। দুর্গা প্রতিমা ভাসানের (bhasan) জন্য সরকারি অনুদানের টাকা থেকে দেড় হাজার টাকা দিতে হবে পুরসভাকে। এমন নির্দেশ ঘিরে বিতর্ক তৈরি হতেই অবশ্য তড়িঘড়ি বাতিল করা হল তা। পুর কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, প্রতিমা নিরঞ্জনের জন্য পরিষেবা কর নেওয়ার নোটিস দেওয়া হয়েছিল। তা বাতিল করা হয়েছে।
কোন্নগরের গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য সুন্দরবন থেকে নিয়ে আসা হয় শ্রমিকদের। অনেক সময়েই প্রতিমা নিরঞ্জনের সময় এই শ্রমিকদের সঙ্গে মজুরি নিয়ে টালবাহানা চলত। এর ফলে প্রতিমা নিরঞ্জন নিয়ে সমস্যা দেখা দিত। এবার পুর কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করে, যারা সরকারি অনুদানের ৬০ হাজার টাকা পেয়েছে সেই সব পুজো কমিটিগুলিকে বড় প্রতিমা নিরঞ্জনের জন্য দেড় হাজার টাকা দিতে হবে আর বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য দিতে হবে পাঁচশো টাকা। এর জন্য রসিদও দেওয়া হবে। একই সঙ্গে পরিবেশ বান্ধব নিরঞ্জনের ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়।
এই নির্দেশিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। বারোয়ারি পুজো কমিটিগুলো অভিযোগ করতে শুরু করে সরকারি অনুদানে ভাগ বসাতে চাইছে পুরসভা। প্রতিমা নিরঞ্জনের জন্য যাবতীয় ব্যবস্থা করার কথা পুর প্রশাসনের। এতদিন তাই হয়ে এসেছে। হঠাৎ করে এবার কেন এই নির্দেশ দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আবার নির্ঝঞ্ঝাট প্রতিমা নিরঞ্জনের জন্য পুরসভার নির্দেশে আপত্তি নেই বলেও জানায় কিছু বারোয়ারি।
তবে নির্দেশিকা নিয়ে বিতর্ক দেখা দিতেই কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে আগের নির্দেশ বাতিল করে দেন।
মমতার কাঁধে ঢাক! দিদির তালে জমে গেল সুরুচির মণ্ডপ, সঙ্গতে ববি-অরূপ