
শেষ আপডেট: 9 September 2023 11:26
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ধূপগুড়ির ভোট মিটতেই ফের পৃথক রাজ্যের (Separate State) দাবিতে সরব কেএলও নেতা (KLO leader) জীবন সিং। কামতাপুরি মানুষদের প্রতি সরকারের বঞ্চনার প্রতিবাদে শনিবার একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন কেএলও নেতা জীবন সিং।
ভিডিও বার্তায় তাঁর প্রশ্ন, “পাঞ্জাবী, বিহারী, বাঙালিদের জন্য যদি আলাদা আলাদা রাজ্য হতে পারে, তাহলে কামতাপুরীর মানুষদের জন্য আলাদা রাজ্য হবে না কেন?”
কেএলও নেতার দাবি, ভারত সরকারের সঙ্গে কোচবিহারের রাজার মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী কোচবিহার একটি 'গ' শ্রেণির রাজ্য। তাঁর কথায়, “ভারত স্বাধীন হওয়ার পর ৭৬ বছর পেরিয়ে গেছে> কিন্তু কেন্দ্রীয় সরকার আজও কামতাপুরীর মানুষের সঙ্গে বঞ্চনা করছে।” এর বিরুদ্ধেই মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানান কেএলও নেতা।
বস্তুত, শুক্রবারই ধূপগুড়ি উপ নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বিজেপিকে হঠিয়ে জয়ী হয়েছে তৃণমূল। ঘটনার নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে পাহাড়কে নতুন করে উত্তপ্ত করতেই বিজেপি এই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি বলেন, “জীবন সিং বরাবরই বিজেপির মাউথপিস হয়ে কথা বলছে। ধুপগুড়ি উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পর পাহাড়ে নতুন করে অস্থিরতা তৈরি করতে পৃথক রাজ্যের ইস্যুকে উস্কে দেওয়া হচ্ছে।”
একই সঙ্গে তিনি বলেন, “জীবন সিং কী বললো, তা নিয়ে পাহাড়ের মানুষ আর ভাবিত নন। জীবন সিংয়ের মতো লোকদের নিয়ে বিজেপি যত বেশি মাতামাতি করবে তত বেশি করে ওদের ভরাডুবি হবে।” যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, তৃণমূলই নতুন করে পাহাড়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
আরও পড়ুন:'মধ্যরাতে কী করি দেখুন', পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্যপালের, ফের আতসবাজির জল্পনা!