
শেষ আপডেট: 10 August 2023 10:07
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: খড়গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলেকে খুনের (Khargram Murder) অভিযোগ আটক করা হল এক সিভিক ভলান্টিয়ার (Detained Civic Volunteer) সহ তিনজনকে। বুধবার ঘটনার পরেই সারারাত অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে খড়গ্রাম থানার পুলিশ রাতেই তিনজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে রুহিগ্রাম থেকে ইজারুল শেখ ওরফে সঞ্জয় নামে এক সিভিক ভলান্টিয়ারকেও আটক করা হয়।
এক গ্রামবাসী জানান, ঘটনার দিন তিনিও চায়ের দোকানে ছিলেন। পঞ্চায়েত সদস্যার ছেলে হুমায়ুন কবীর ও তাঁর বন্ধু শফিক গল্প করছিলেন। আচমকাই এই অভিযুক্তরা তাদের উপর হামলা চালায়। এক সিভিক ভলান্টিয়ার হুমায়ুনের দুই হাত চেপে ধরেছিল। সেই সময়ে দু'জন এসে ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুনকে কোপাতে থাকে। আরও এক বাসিন্দা পুলিশকে সমানে পেয়ে চিৎকার করে জানান, আরও দু'জন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। তাঁদের গ্রামে খুঁজে পাওয়া যাচ্ছে না।

উত্তেজিত জনতাকে শান্ত করতে পুলিশ দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এলাকায় র্যাফ টহল দিচ্ছে।
বুধবার খড়গ্রামের সাদল পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। এর দুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন হুমায়ুনের মা সানাওয়ারা বিবি। তিনি এবার কংগ্রেসের প্রতীকে লড়ে জয়লাভ করেছিলেন। এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন বাসিন্দাদের একাংশ।
জানা গেছে, সৌদিতে থাকতেন হুমায়ুন। আটমাস আগে বাড়ি ফিরে বিয়ে করেছিলেন তিনি। রাজনীতির সঙ্গে কোনও যোগ ছিল না। হুমায়ুনকে বাঁচাতে গিয়ে বন্ধু শফিকও আহত হয়েছিলেন। তিনি এখনও বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামের নিরীহ এক যুবককে নৃশংসভাবে খুন হতে দেখে ক্ষোভে ফুঁসছে রুহিগ্রাম।
আরও পড়ুন: বোর্ড গঠনের পরেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে খুন! রক্তারক্তি খড়গ্রামে