
শেষ আপডেট: 13 May 2023 18:36
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভরদুপুরে হাওড়ায় গঙ্গা থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ (Kasba woman's body found)। হাওড়া ব্রিজ (Howrah bridge) সংলগ্ন গঙ্গার ঘাটে এদিন মধ্য বয়সি ওই মহিলার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ। তাঁরা মহিলার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের সঙ্গেই মিলেছে একটি ব্যাগ। তার ভিতরে ছিল একটি ছোট্ট ডায়েরি। তা থেকেই জানা গেছে, মৃতার নাম অঞ্জনা ভাণ্ডারী। ৪৫ বছর বয়সি ওই মহিলার বাড়ি আদতে কসবার ৯৩/৩ জিএস বোস রোড এলাকায়।
ডায়েরিতে মহিলার বাড়ির ফোন নাম্বার পেয়ে তাঁর পরিবারের লোকজনকে খবর দেয় পুলিশ। অঞ্জনার বাড়ির লোকের দাবি, তিনি যে হাওড়া যাচ্ছেন তা জানতেন না তাঁরা কেউই। কীভাবে তাঁর দেহ হাওড়ায় গঙ্গার ঘাটে এসে পৌঁছাল, তা এখনও স্পষ্ট নয়। কেনই বা বাড়ির লোককে লুকিয়ে বেরিয়েছিলেন তিনি, সেই প্রশ্নের উত্তর মেলেনি।
বিষয়টি আত্মহত্যা, নাকি নিছক দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। উড়িয়ে দেওয়া হচ্ছে না খুনের সম্ভাবনাও। ঘটনায় মৃতার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে বিশদ তথ্য জোগাড় করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
প্রাথমিকে জাল সার্টিফিকেট দিয়ে দিনের পর দিন চাকরি! মালদহে গ্রেফতার শিক্ষিকা