
শেষ আপডেট: 19 July 2022 06:16
দ্য ওয়াল ব্যুরো: সে এক আশ্চর্য সাইকেল (Cycle)! তার মাথার উপরে লাগানো সোলার প্যানেল (Solar Panel)। দিনের বেলা সেই দিয়ে দিব্যি চলছে সাইকেল। সূর্যের আলোতেই চার্জ হয়ে যাচ্ছে ব্যাটারি (Battery)। রাত হলে ব্যাটারির চার্জে দু'চাকা ছুটছে গড়গড়িয়ে।
অভিনব সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নদিয়ার করিমপুরের মুরুটিয়ার কেঁচুয়াডাঙা গ্রামের বাসিন্দা চন্দন বিশ্বাস। করিমপুর রেজিস্ট্রি অফিসে দলিল লেখার কাজ করেন তিনি। বাড়ি থেকে অফিসের দূরত্ব ১০ কিলোমিটার। শুরুতে বাইক নিয়ে অফিস যেতেন রোজ। কিন্তু পেট্রোলের দাম বাড়ায় বাহন বদলাতে হল। বাইকের বদলে সঙ্গী হল সাইকেল। এদিকে তাঁর বয়স প্রায় ৫০ বছর। এই বয়সে রোজ এতখানি পথ সাইকেল চালাতে ক্লান্ত হয়ে পড়ছিলেন চন্দনবাবু।
ছোট থেকেই নানা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় ঝোঁক ছিল চন্দনবাবুর। বুড়ো বয়সে আবার ফিরতে হল ছোটবেলার সেই ভাল লাগার কাছেই। বুদ্ধি করে প্রথমে বানিয়ে ফেললেন ব্যাটারি চালিত সাইকেল। কিন্তু ২০ কিলোমিটার যাতায়াতের রাস্তাতেই শেষ হয়ে যেত ব্যাটারির চার্জ। তখন আবার প্যাডেল করা, সেও এক কষ্ট। তার উপর ব্যাটারি চার্জ দিতে বিদ্যুৎ খরচও বাড়ছিল।
তাই আবার ভাবনা-চিন্তা শুরু হল। শেষমেশ বাড়িতেই পড়ে থাকা একটি লেডিজ সাইকেলে বসিয়ে নিলেন সোলার প্যানেল। ব্যাস, তারপর থেকে চন্দনবাবুর নয়া বাহন এই সৌরবিদ্যুৎ চালিত সাইকেল। তাঁকে দেখে পাড়া প্রতিবেশীরাও আবদার করছেন এমন সাইকেল বানিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকদিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে সোলার-প্যানেল ওয়ালা এই সাইকেল সকলের কাছেই অত্যন্ত ভরসাযোগ্য হয়ে উঠতে পারে, এমনটাই দাবি চন্দন বিশ্বাসের।
উৎসশ্রীর জোয়ার, চলে গেলেন একমাত্র শিক্ষিকা! খড়গ্রামের স্কুলে শুধুই পড়ুয়া, পাহারায় কর্মচারী