
শেষ আপডেট: 18 January 2023 09:11
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ভয়াবহ আগুন কদমতলায় সিইএসসির ইলেকট্রিক পাওয়ার হাউজে (Kadamtala Power House fire)। প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। বিদ্যুৎবিচ্ছিন্ন (load shedding) হয়ে যায় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। ছুটোছুটি শুরু হয়ে যায় জনবহুল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন।
ব্যাঁটরা থানা এলাকায় ১২৬/১ নরসিংহ দত্ত রোডে রয়েছে এই পাওয়ার হাউস। সিইএসসি (পশ্চিম) ডিস্ট্রিবিউশন স্টেশন এটা। এই সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ হয় হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় বাসিন্দা অভিষেক পাত্র জানান, দুপুর বারোটা নাগাদ পাওয়ার হাউস থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে কেবল ফাটার শব্দ পান তাঁরা। একেই জনবহুল এলাকা। তার উপরে পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় একটি পেট্রোল পাম্প রয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
এলাকার মানুষজন রাস্তায় নেমে আসেন। বন্ধ করে দেওয়া হয় পেট্রোল পাম্প। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছয়। সিইএসসি সুপার ভাইজার বিভাস মণ্ডল জানান, বেসমেন্টে যে কেবল (Cable) রয়েছে, সেখান থেকেই আগুন বেরোতে দেখা যায়। তবে কী কারণ আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার পর থেকে গোটা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন। কখন সংযোগ দেওয়া যাবে, তা জানাতে পারেননি আধিকারিকরা।
দমকলের ডিভিশনাল অফিসার রঞ্জন ঘোষ জানান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিকে বাসিন্দারা অভিযোগ করেছেন, দমকল দেরিতে আসাতেই আগুন ভয়াবহ রূপ নেয়।
পুলিশকে জুতোপেটা করছেন বিজেপি নেত্রী! ঠিক কী হয়েছিল, দেখুন ভাইরাল ভিডিও