
শেষ আপডেট: 8 April 2023 04:38
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: হাঁসখালির (Hanskhali) তৃণমূল নেতা খুনের (TMC Leader) ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। নেতার পরিবারের অভিযোগ অনুযায়ী, এখনও ৭ জন অধরা! কেন ওই তৃণমূল নেতাকে খুন হতে হল তা নিয়ে ধন্দে পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার সকালে বাজার করার জন্য বাড়ি থেকে বেড়িয়েছিলেন রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি আমোদ আলি। রামনগর বড় চুপড়িয়া বাজারে আততায়ীরা তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার।
এই ঘটনা নিয়ে শুক্রবার সকাল থেকেই স্থানীয় উত্তেজনা ছিল এলাকায়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে, তা নিয়ে পুলিশ ধোঁয়াশায় ছিল। যদিও আমোদের পরিবারের তরফে, ৮ জনের নামে থানায় অভিযোগ জানানো হয়।
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্তদের খোঁজে একাধিক জায়গায় হানা দেয় বলে খবর। গতকাল রাতে খালেক মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত খালেকের বাড়িও চুপড়িয়া গ্রামেই। তাকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনার তদন্তে এগোতে চাইছে পুলিশ।
চৈত্রে চোখ রাঙাচ্ছে তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে কী বলছে হাওয়া অফিস