
শেষ আপডেট: 3 July 2023 12:51
দ্য ওয়াল ব্যুরো: বাসন্তীর যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা খুনের ঘটনায় রাজ্যকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সোমবার ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বললেন, ‘‘মানুষের রক্তে রাজনৈতিক হোলি খেলা দুর্ভাগ্যজনক। কে হিংসা ছড়াচ্ছে সেটা বড় নয়, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমি বরদাস্ত করব না। রক্তের হোলি খেলা বন্ধ করা উচিত৷ কারা অশান্তির পিছনে তা আমি খতিয়ে দেখছি।’’ একই সঙ্গে কমিশনের উদ্দেশে রাজ্যপাল বলেন, ‘‘কমিশনের উচিত অবাধ ও সুষ্ঠু ভোট করানো৷ আমি সেদিকে নজর রাখছি৷’’
এদিন কোচবিহার থেকে রাজভবনে না ফিরে সোজা তিনি চলে যান বাসন্তীতে। যেখানে যুব তৃণমূল নেতা জিয়ারুল খুন হন, সেখানে যান তিনি। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। কিন্তু তাঁর বাড়িতে যাওয়া হয়নি রাজ্যপালের। পরে ক্যানিং গেস্ট হাউজে রাজ্যপাল জিয়ারুলের মেয়েকে ডেকে নেন।
সূত্রের খবর, জিয়ারুলের মেয়ে রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন, শাসকদলের নেতাদের একাংশ প্রশাসনকে ব্যবহার করে রাজ্যপালকে বিভ্রান্ত করেছে৷ ঘটনাস্থলে গেলেও সেখান থেকে ৫০০ মিটার দূরে তাঁদের বাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হয়নি৷ ক্যানিংয়ে সেচ দফতরের গেস্ট হাউজে নিহতের মেয়ে মনোহরা পিয়াদার সঙ্গে আলাদা করে কথা বলেন রাজ্যপাল।
জানা গেছে, রাজ্যপালের ওপর আস্থা রেখে তাঁর কাছে সিবিআই তদন্তের আর্জি জানান নিহত যুব তৃণমূল নেতার মেয়ে৷ সুবিচারের আশ্বাস দেন রাজ্যপালও৷ এরপরই সাংবাদিক বৈঠক থেকে রাজ্য এবং নির্বাচন কমিশনকে একই বন্ধনীতে রেখে কড়া বার্তা দেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷
আরও পড়ুন: বাসন্তীতে পৌঁছেও নিহতের বাড়িতে গেলেন না রাজ্যপাল, পরে মেয়েকে ডেকে নেন