
শেষ আপডেট: 18 May 2023 07:18
দ্য ওয়াল ব্যুরো: এগরার (Egra Incident) বাজি কারখানার মালিক ভানু বাগের (Bhanu bag) অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। কটকের একটি নার্সিংহোমে কলাপাতায় (Nursing Home) মুড়ে রেখে ডাক্তাররা তার চিকিৎসা করছেন। ওড়িশা পুলিশের সাহায্য নিয়েই নজরদারিতে রাখা হয়েছে তাকে।
ওই নার্সিংহোম সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা সম্ভব হয়নি। বিস্ফোরণের পরে আড়াইশো কিলোমিটার পাড়ি দিয়ে গভীর রাতে ওড়িশার কটকে গিয়ে ওই নার্সিংহোমে ভানু বাগকে ভর্তি করেছিল তার ছেলে পৃথ্বীজিৎ ও নাবালক ভাইপো। ভানুর ছেলে ও ভাইপোকে জিজ্ঞাসাবাদের জন্য এগরায় নিয়ে আসছে পুলিশ।

এগরা বিস্ফোরণের পরেই ভানুর খোঁজ পেতে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশিতে নেমেই পুলিশ জানতে পেরেছিল ভানু পরিবার-সহ পড়শি রাজ্য ওড়িশায় পালিয়েছে। অবশেষে কটকের একটি নার্সিংহোমে হদিশ মিলল তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, ভানুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
গত ৩০ বছর ধরেই বেআইনি বাজির ব্যবসা চালিয়ে যাচ্ছিল ভানু। বাজিই ছিল তার ধ্যানজ্ঞান। তিন দশক ধরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছিল ভানুর তৈরি রংমশাল, তুবড়ি, ছুঁচোবাজি, রকেট, হাউই, গাছবোমা। ফলে ব্যবসাও ফুলেফেঁপে ওঠে। তার কারখানায় বিস্ফোরণও এই প্রথম নয়। ১৯৯৫ সালে ভানু বাগের বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল পাঁচজনের। পরবর্তীতে আবারও বিস্ফোরণ। মৃত্যু হয় ভানুর ভাই-সহ তিনজনের। ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শাসকদলের সঙ্গে ভানুর যোগাযোগ বাড়ে। পরে গ্রামপঞ্চায়েতের সদস্যও নির্বাচিত হয়।