
শেষ আপডেট: 16 October 2022 07:07
দ্য ওয়াল ব্যুরো: শনিবার মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (ED Summons Tapas Mondal) বারাসতের অফিসে হানার পর এবার তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক (Manik Bhattacharya)। ইডির নজরে এখন সেই মানিকের ঘনিষ্ঠরা! দুর্নীতির শিকড় কতদূর বিস্তৃত তারই সন্ধান চালাচ্ছেন তদন্তকারী অফিসারেরা।
ইডি সূত্রের খবর, আগামী ২০ অক্টোবর তাপসকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। তাপসের যে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলি রয়েছে তার নথিও নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার বারাসতে (Barasat) কামাখ্যা মন্দিরের কাছে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বড় দল। একই সঙ্গে হানা দেওয়া হয় উত্তর ২৪ পরগনার মহিষবাথান এলাকায়। সেখানে মানিকের এক ঘনিষ্ঠ তথা তাপসের আত্মীয়র টিচার্স ট্রেনিং সেন্টার রয়েছে বলে গোয়েন্দারা জানিয়েছিলেন। ওই ট্রেনিং সেটারের শাটার বন্ধ থাকায় তালা ভেঙে ভেতরে ঢোকেন তাঁরা।
গতকালের তল্লাশি অভিযানের পর দুটি মোবাইল একটি হার্ড ডিস্ক, একটি পেন ড্রাইভ, বেশ কিছু নথি ও জমির দলিল বাজেয়াপ্ত করেন অফিসাররা। তদন্তকারী অফিসারদের দাবি, ওই মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ চ্যাট থাকতে পারে, যা এই মামলার তদন্তে সহযোগিতা করবে।
তাপস মণ্ডল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। জাতীয় শিক্ষক সম্মানও পেয়েছিলেন তিনি। বেশ কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে তাঁর। সেগুলির অফিস কৈখালিতে। মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থাও খুলেছিলেন তাপস। অভিযোগ, এর মাধ্যমেই এসএসসি দুর্নীতির টাকা লেনদেন হয়েছে। বিদেশে মুদ্রা লেনদেনের জন্য এফসিআর ছাড়পত্রও জোগাড় করেছিলেন মানিক ঘনিষ্ঠ তাপস।