
শেষ আপডেট: 23 March 2023 04:33
দ্য ওয়াল ব্যুরো: গরুপাচার মামলার তদন্ত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) সিবিআই গ্রেফতার করার পরেই তাঁর বিপুল সম্পত্তির বিষয় সামনে এসেছিল। দেখা গিয়েছিল, গোটা দেশ তথা বাংলায় যখন কড়া লকডাউন (Lock Down) চলছে, কোভিডের জন্য মানুষ গৃহবন্দি, তখন অনুব্রত বিঘের পর বিঘে জমি (Land) কিনেছিলেন। অনুব্রত এখন তিহাড়ে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অয়ন শীলের (Ayan Shil) ব্যাপারে যে তথ্য ইডি (ED) তাদের রিপোর্টে উল্লেখ করেছে তা দেখে অনেকেরই অনুব্রতর কথা মনে পড়ে যাচ্ছে।
কোথায়, কত জমি কিনেছিলেন অয়ন?
ইডি তাদের নথিতে লিখেছে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর হুগলির গুড়াপে একটি জমি কেনেন অয়ন। যার দাম এক কোটি টাকা। ওই জমি কিনতে গিয়ে অয়ন শীলকে স্ট্যাম্প ডিউটিই দিতে হয়েছিল ১০ লক্ষ ৩৭ হাজার টাকা।
গুড়াপের এই জমি যখন অয়ন কিনছেন তখন ভরপুর লকডাউন চলছে। ইডি উল্লেখ করেছে, এই কোটি টাকার জমি কেনা হয়েছিল অয়নের ছেলে অভিষেক শীল ও তাঁর বান্ধবী ইমন গঙ্গোপধ্যায়ের নামে। উত্তরপাড়া কলেজের পাশে ইমন-অভিষেক যে ফ্ল্যাটে থাকেন বুধবার সেখানে হানা দিয়েছিল ইডি।
শুধু কি তাই?
জমি কেনার ব্যাপারে ২০১৬ সালে কার্যত অগস্ট বিপ্লব ঘটিয়েছিলেন অয়ন শীল। ইডি-র তথ্য অনুযায়ী ২০১৬ সালের ১২ অগস্ট ভাঙড়ের বেওতা মৌজায় তিনটি জমি কিনেছিলেন অয়ন। কোনওটা লীলা গুপ্ত, কোনওটা তপন পুরকায়েত আবার কোনওটা হীরালাল বিশ্বাসের নামে। এঁরা সবাই অয়নের সংস্থার কর্মচারী।
এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভাঙড়ের এই মৌজায় ফের জমি কিনেছিলেন অয়ন। সেই জমি কেনা হয়েছিল রীতেশ আগরওয়ালের নামে। এই রীতেশও অয়নের সংস্থা এবিএস ইনফোজোনের কর্মচারী। সব মিলিয়ে এখনও পর্যন্ত অয়ন শীলের প্রায় আড়াই কোটি টাকা মূল্যের জমির হদিশ মিলেছে। ইডি মনে করছে, সম্পত্তির পরিমাণ আরও বেশি।
ইডি ডাকল আসানসোল জেলের সুপার কৃপাময়কে, অনুব্রতকে 'জামাই আদরের' জন্যই কি তলব