
শেষ আপডেট: 26 September 2023 15:08
দ্য ওয়াল ব্যুরো: পুজো (Durga Pujo 2023) মানেই ঘোরাফেরা, খাওয়া-দাওয়া, আড্ডা, সেইসঙ্গে জমিয়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখা। পরিবারের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে, আবার কেউ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে চুটিয়ে ঠাকুর দেখে বেড়ান। ইতিমধ্যেই অনেকেই পুজোর প্ল্যান সেরে ফেলেছেন। কেউ কলকাতা শহরে থেকেই ঠাকুর দেখতে চান, কেউ আবার শহরের কোলাহল থেকে দূরে যেতে চান। অনেকে আবার এখনও বুঝে উঠতে পারছেন না, কী প্ল্যান করবেন। রাজ্য সরকার এবার আপনাদের জন্য নিয়ে এল আকর্ষণীয় পুজো প্যাকেজ (Durga Pujo Package)!
মূলত সপ্তমী, অষ্টমী, নবমীতে সাধারণ মানুষের জন্য পুজোর প্যাকেজ দিচ্ছে রাজ্যের পর্যটন দফতর (Tourism Department)। তৃতীয়া ও চতুর্থীর জন্যও বিশেষ প্যাকেজ চালু করতে চলেছে রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে গাঁটছড়া বেঁধে পর্যটন দফতর পুজোয় এই বিশেষ প্যাকেজের আয়োজন করেছে।
উদ্বোধনী প্যাকেজ: তৃতীয়া ও চতুর্থীতে থাকছে এই প্যাকেজ। ভিড় এড়িয়ে যাঁরা ঠাকুর দেখতে চান, রাতভর তাঁদের ঘোরানোর ব্যবস্থা করছে পর্যটন দফতর। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত এসি বাসে ঘোরানোর বন্দোবস্ত করা হয়েছে। রবীন্দ্র সদন থেকে ছাড়বে বাস।
মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, কাশী বোস লেন, ৬৬ পল্লি, মুদিয়ালি, শিব মন্দির, একডালিয়া, সিংহী পার্কের মতো মণ্ডপ পরিদর্শন করানো হবে। থাকবে ডিনারের ব্যবস্থাও। মাথা পিছু মাত্র ২,০৯৯ টাকা খরচ করলেই তৃতীয়া বা চতুর্থীতে রাতভর ঘুরে আসতেই পারেন আপনি।
সনাতনী প্যাকেজ: সপ্তমী, অষ্টমী ও নবমীতে যদি সকাল সকাল ঘুরতে চান তাহলে আপনার জন্য থাকছে এই প্যাকেজ। এই সফরে মূলত শহরের বনেদি বাড়ির পুজোগুলো দেখানোর ব্যবস্থা করা হয়েছে। মাথা পিছু মাত্র ১,০৯৯ টাকার এই প্যাকেজে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকছে।
হুগলি সফর: এই প্যাকেজও সপ্তমী, অষ্টমী ও নবমীর জন্য। শহরের ভিড় এড়িয়ে যাঁরা একটু শহরতলিতে ঠাকুর দেখতে যেতে চান তাঁরা দিনভর ঘোরার জন্য এই প্যাকেজ নিতেই পারেন। সকাল ৭টায় রবীন্দ্র সদন থেকে বাস ছাড়বে। সন্ধে সাড়ে আটটায় ফের পৌঁছে দেবে রবীন্দ্র সদন। ব্রেকফাস্ট ও লাঞ্চ মিলবে এই প্যাকেজেই। খরচ পড়বে প্রতি জনের ৩,৪৯৯ টাকা।

এবার আপনার প্যাকেজ বেছে নেওয়ার অপেক্ষায় রয়েছে পর্যটন দফতর। মঙ্গলবার পুজো পরিক্রমা প্যাকেজ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।

অনেকেই আছেন যাঁরা পুজোর সময় কলকাতার বাইরে ঘুরতে যেতে চান। তাঁদের জন্যও পর্যটন দফতর বিশেষ প্যাকেজের আয়োজন করেছে। রাজ্যের ১৬টি জেলায় আপনি ঘুরতে পারবেন। পাহাড় হোক বা সমুদ্র, ৬৫টি ট্যুর প্যাকেজ আনল রাজ্য সরকার। পুজোর সঙ্গে ঘুরতে যেতে চাইলে যেকোনও প্যাকেজ বেছে নিতেই পারেন আপনি।

আরও পড়ুন: বাংলায় ১৩০টি এলাকা ডেঙ্গিপ্রবণ! আতঙ্কে নয়, সতর্ক থাকতে বলল নবান্ন