
শেষ আপডেট: 17 July 2022 12:47
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বাগুইহাটি থেকে ডোমজুরের (Domjur) অপহৃত এক ইঞ্জিনিয়ারকে উদ্ধার করল ডোমজুর থানার পুলিশ। জানা গেছে, শনিবার রাতে তাঁকে বাগুইহাটি থেকে উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি ৭ জন অপহরণকারী গ্রেফতারও হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ডোমজুরের (Domjur) কোলোরা এলাকার বাসিন্দা ভাস্কর মাঝি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তিনি উলুবেড়িয়ার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। গতকাল সকালে সেই কোম্পানির নগদ ১০ লাখ টাকা নিয়ে বাগুইহাটিতে যান পেমেন্ট জমা দিতে যান। সেখানে গিয়েই মহা বিপদে পড়েন ওই যুবক। তাঁকে কয়েকজন মিলে আটকে রাখে।
৫ কেজি সোনা উদ্ধার হাওড়া স্টেশনে! ট্রলিব্যাগ নিয়ে তড়িঘড়ি চলে যাচ্ছিলেন ব্যবসায়ী, ধরল আরপিএফ
পরে যুবকের স্ত্রীকে ফোন করে বলা হয়, তাঁর স্বামী যেই ১০ লক্ষ টাকা নিয়ে এসেছেন সেগুলো জাল নোট। তাই অবিলম্বে ২ লাখ টাকা নিয়ে এলে তবেই তাঁকে ছাড়া হবে। এরপর অপহরণকারীরা সেই মহিলাকে নিজেদের অ্যাকাউন্ট নম্বর পাঠায়। স্বামীকে বাঁচাতে তড়িঘড়ি ভাস্করবাবুর স্ত্রী ওই অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠায়। এরপরে পরিস্থিতি আরও জটিল হচ্ছে দেখে গোটা বিষয়টি পরিবারের বাকিদের খুলে খুলে বলেন।
এরপর অপহরণকারীরা ভাস্কর মাঝির বাড়িতে টাকা সংগ্রহের জন্য একজনকে পাঠায়। দাবি মতো নগদ টাকা না দিতে পেরে ওই যুবকের পরিবারের ঠিক করেন অপহরণকারীদের হাতে জমির দলিল তুলে দেবেন। কিন্তু অপহরণকারীরা আগে জমির দলিল হাতে পেয়ে তারপর ওই যুবককে ছাড়া হবে বলে জানালে বেঁকে বসেন পরিবারের লোকজন। এরপরই সেই যুবককে হাতেনাতে ধরে ডোমজুড় (Domjur) থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অপহরণের খবর পেয়ে অভিযান চালায় ডোমজুর থানার পুলিশ। এরপর ডেরা খুঁজে বাগুইহাটি থেকে উদ্ধার করা হয় ওই ইঞ্জিনিয়ারকে। একইসঙ্গে গ্রেফতার করা হয় সাতজনকে। রবিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।