
শেষ আপডেট: 8 March 2023 08:49
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মঙ্গলবার মাঝরাতে বিধ্বংসী আগুনে (fire) পুড়ে ছাই হয়ে গেল একের পর এক দোকান। পূর্ব মেদিনীপুরের (East Midnapore) পটাশপুর (Patashpur) থানা ও পটাশপুর ১ ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের কাটরঙা বাজারে (market) ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, একটি ক্লাব ঘর-সহ তিনটি দোকান আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয়রা জানান, এদিন ভোররাতে তাঁরা দেখতে পান যে দাউদাউ করে আগুনে জ্বলছে সেখানে। ততক্ষণে আগুনে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে দোকানঘরগুলি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। যদিও তার আগেই আগুন নেভানোর কাজ শুরু করে এলাকাবাসীরা।
এদিন সকালে এলাকায় দেখা যায়, সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে। বড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার মহাপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে দমকল কর্মীদের ধারণা, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। একটি ক্লাবঘর, তিনটি দোকান পুড়ে প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার তদন্তের দাবি জানিয়ে পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হোলিতেও কাঠফাটা গরমে হাঁসফাঁস অবস্থা! সপ্তাহ শেষে আশার বাণী শোনাচ্ছে হাওয়া অফিস