
শেষ আপডেট: 10 June 2023 12:52
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভরদুপুরে ভয়াবহ আগুন লাগল ডোমজুড়ের সরস্বতী কমপ্লেক্সে। একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগে বলে জানা গিয়েছে। কেমিক্যাল বোঝাই একটি ট্রাক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। শেষ অবধি ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এলাকায়।
বাপি লস্কর নামে ওই কারখানার এক কর্মচারী জানান, কেমিক্যাল বোঝাই একটি ট্রাক থেকেই প্রথমে আগুন লাগে। মনে করা হচ্ছে, কোনও যান্ত্রিক ত্রুটির জেরেই আগুন লেগেছিল। প্রচন্ড শব্দে ট্রাকটির টায়ার ফেটে যায়। এরপর পরপর ভিতরে মজুত থাকা কেমিক্যালের ড্রামগুলো ফাটতে শুরু করে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সবাই।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। এরপর সেখানে থাকা সবাই আগুন নেভানোর কাজে হাত লাগান। তারমধ্যেই খবর দেওয়া হয় দমকলে। অগ্নিকাণ্ডের জেরে ওই কারখানার এক কর্মচারী অল্পবিস্তর জখম হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দমকল জানিয়েছে, ওই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকলেও আগুন নেভানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। যা ওই কেমিক্যাল কারখানার গাফিলতি বলেই মনে করা হচ্ছে।
দুর্গাপুরের হোটেলে মধুচক্র, মদের আসর, মাঝরাতে হানা পুলিশের! তারপর…