
শেষ আপডেট: 22 September 2023 09:44
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: পুজোর ছুটিতে বাঙালিদের একটা বড় অংশের গন্তব্য পাহাড়। শহরের ভিড় ব্যস্ততা দূরে সরিয়ে পুজোর ক’দিন একটু নিরিবিলিতে কাটাতে চান যাঁরা, শৈলশহর দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াংয়ের বিভিন্ন গন্তব্যের ঠিকানায় বুকিং সেরে ফেলেছেন তাঁরা। অন্যদিকে পর্যটকদের মনোরঞ্জনে চিন্তাভাবনা শুরু হয়ে গেছে পাহাড়েও।
পুজোর মরশুমে দার্জিলিংকে আরও আকর্ষণীয় করে তুলতে একডজন জয় রাইডের ব্যবস্থা করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Joyride) । পাকদণ্ডী পথ ধরে ঘুম-সোনাদা ফেলে খেলনা ট্রেনে দার্জিলিং পৌঁছনোর মজাটাই যে আলাদা। দূরে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা, পাশে চা বাগানের ঘন সবুজ গালিচা, এতেই তো ডুবে থাকে বাঙালির নস্টালজিক মন। আর তাঁদের মন বুঝেই ব্যবস্থা পাহাড়েও।
করোনা পরিস্থিতিতে মাঝে পর্যটকরা রাস্তা ভুলেছিলেন পাহাড়ের। গত বছর থেকেই ফের স্বাভাবিক পরিস্থিতি। তাই ফের ঢল নামছে মানুষের। গত আর্থিক বছরে টয় ট্রেনে মোট ১ লক্ষ ৫৬ হাজার যাত্রী হয়েছিল বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। এতে আয় হয় ১৯ কোটি ২১ লক্ষ টাকা। এবারও পর্যটকদের ঢল ইঙ্গিত দিচ্ছে এই আয় আরও বাড়বে। স্টিম ইঞ্জিনে জয় রাইডের এখন ভাড়া দেড় হাজার টাকা। আর ডিজেল ইঞ্জিনে এই ভাড়া এক হাজার টাকা। জয় রাইডের আনন্দে ভাড়া যে বাধা হবে না, সেটা বলাইবাহুল্য।
আর পড়ুন: বছরভর ব্যাঙ্কের লকারেই থাকেন মা দুর্গা, পুজোর ক’দিন পুলিশের পাহারায় আসেন জয়পুর রাজবাড়িতে