
শেষ আপডেট: 29 November 2022 09:01
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন (Convocation ceremony) এবার দু’দিন অনুষ্ঠিত হবে। প্রথমে ২৪ ডিসেম্বর। তারপর ৩ জানুয়ারি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, একদিনের সমাবর্তন অনুষ্ঠানে নির্বাচিত সকলের হাতে শংসাপত্র বা ডিগ্রি (degree) তুলে দেওয়া সম্ভব হবে না। তাই দু’দিনে সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।
করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালের সমাবর্তন অনুষ্ঠান করা যায়নি। ছাত্রছাত্রীদের মার্কশিট এবং অন্যান্য নথি অনলাইনে দেওয়া হয়। ডিগ্রিও অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, অনেক পড়ুয়া সশরীরে হাজির হয়ে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি নিতে চান। তারফলে ডিগ্রি প্রাপকের সংখ্যা অত্যাধিক বেশি।
তাই চলতি বছরের স্নাতক শিক্ষার্থীদের জন্য ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠিত হবে। ২০২০ এবং ২০২১ সালে যাঁরা স্নাতক হয়েছেন তাঁদের জন্য ৩ জানুয়ারি আর একটি সমাবর্তন অনুষ্ঠিত হবে।
এবার সমাবর্তনে কি আচার্য হিসাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণ জানানো হবে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এই প্রশ্নের জবাব মেলেনি। ২০১৯-এর সমাবর্তন অনুষ্ঠানে তৎকালীন আচার্য-রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়ে আপত্তি তোলেন ছাত্রছাত্রীরা। বিক্ষোভের মুখে রাজভবনে ফিরে যেতে হয়েছিল তাঁকে। উপাচার্য সুরঞ্জন দাসের নির্দেশে আচার্যকে ছাড়াই সমাবর্তন অনুষ্ঠিত হয়। তা নিয়ে ধনকড়ের রোষের মুখে পড়েছিলেন উপাচার্য।
এবার পরিস্থিতি ভিন্ন। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য পদে বসানোর সিদ্ধান্ত করে বিধানসভায় বিল পাশ করিয়েছে। যদিও রাজভবন সেই বিলে সম্মতি দেয়নি এখনও।
মমতা জেলা শাসকের উপর রেগে আগুন, ‘জিনিস দিয়ে না পৌঁছলে আমার গায়ে জ্বালা ধরে’