দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : এইচআইভি পজিটিভ রোগীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে রিপোর্ট চাইল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। অভিযুক্ত চিকিৎসককে চিহ্নিত করে এই রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। রিপোর্ট হাতে পেলেই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করার জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে সুপারিশ করবেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
বুধবার রায়গঞ্জ শহরের বাসিন্দা এইচআইভি পজিটিভ এক রোগীকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক তাঁর চিকিৎসা না করে দুর্ব্যবহার করে তাঁকে ফেরত পাঠান বলে অভিযোগ। ওই ঘটনা জানাজানি হতেই রোগীর আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হলে হাসপাতালের সুপার ঘটনাস্থলে এসে কোনওমতে রুগীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন।