
শেষ আপডেট: 25 July 2023 09:01
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সৌদিতে বসে পঞ্চায়েত ভোটে মিনাখাঁ (Minakhan) থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। সেই ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে'র নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট (CID investigation on Minakhan BDO)।
হজ কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুন সৌদি আরবে যান মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতে শাসকদলের প্রার্থী মোহারুদ্দিন গাজি। সেখানে থেকে তিনি কীভাবে মনোনয়ন দাখিল করেন, তা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয়। হজ কমিটির রিপোর্টও আদালতে পেশ হয়। পুরো বিষয়টি বৃহত্তর ষড়যন্ত্র বলে দাবি করেন মামলাকারীর আইনজীবী সামিম আহমেদ, সালোনি ভট্টাচার্যরা। সিবিআই তদন্তেরও দাবি জানান তাঁরা। যদিও তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন দাবি করেন, ২০১৮ সালে পঞ্চায়েত আইন মেনে প্রস্তাবককে দিয়ে ১২ই জুলাই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।
এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। প্রয়োজনে প্রত্যেককে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিন চারজনের সিআইডির তদন্তকারী দল মিনাখাঁর বিডিও শেখ কামরুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে আসে। ১২ই জুলাই কীভাবে বিতর্কিত তৃণমূল প্রার্থী সৌদিতে বসে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেই সিসিটিভি ফুটেজও চেয়ে পাঠানো হয়।
আরও পড়ুন: পুজোয় বসে থাকা বাবাকে বটির কোপ! নেশাগ্রস্ত ছেলের কাণ্ডে শিউরে উঠল দত্তপুকুর