
শেষ আপডেট: 7 June 2022 06:01
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন স্ত্রীর বর্তমান স্বামীর বাড়িতে লোকজন নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দু'পক্ষের মারামারিতে আহত পাঁচজন। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলির চণ্ডীতলা (Chanditala) থানার পুলিশ। গ্রেফতার দুই।
পুলিশ সূত্রে খবর, বছরখানেক আগে চণ্ডীতলার (Chanditala) দীপঙ্কর রক্ষিতের সঙ্গে বিয়ে হয় সুতপার। সিঙ্গুরের বারুইপাড়ায় প্রথমবার বিয়ে হয়েছিল তাঁর। প্রথম পক্ষের স্বামী সুরজিৎ জড়ের সঙ্গে সাংসারিক অশান্তির জেরে কয়েক বছর বাপের বাড়িতে ছিলেন সুতপা। তারপর দীপঙ্করকে বিয়ে করেন। অভিযোগ, স্ত্রীর এই দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি সুরজিৎ।
আরও পড়ুন: গ্রামে গ্রামে বিস্কুট-চানাচুর বিক্রি, সংসার সামলে মাধ্যমিকে লেটার পেল জিয়াগঞ্জের ঋক
এরপরই গতকাল রাতে দলবল নিয়ে দীপঙ্করের বাড়িতে চড়াও হয় সে। মারধর করে দীপঙ্কর ও তাঁর স্ত্রীকে। খবর পেয়ে গ্রামের লোকজন চলে আসে। অন্যরা পালিয়ে গেলেও সুরজিৎ ও তাঁর জামাইবাবু নিতাই ঘোষকে ধরে ফেলে গ্রামবাসীরা। পাল্টা মারে গুরুতর আহত হয় নিতাই ঘোষ। আহত হয় আরও কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চণ্ডীতলা থানার পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়।