
শেষ আপডেট: 18 April 2023 08:09
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবার সকালেই হইচই পড়ে গেল ভাঙড়ে। মাঠের মাঝে দাউদাউ করে আগুন জ্বলছে (Papers are Burning in Bhangar)। চারপাশ ধোঁয়ায় ভরে গেছে। ব্যাপার কী জানতে, ছুটে আসেন স্থানীয়রা। দেখেন, মাঠের মাঝে কিছু কাগজপত্র পুড়ছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI rushes)। অনুমান করা হচ্ছে, কোনও নথি পুড়িয়ে ফেলা হয়েছে। সেই পোড়া নথি (Papers) উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন গোয়েন্দারা।
মঙ্গলবার সকালে ভাঙড়ের (Bhangar) আন্দুল-গড়িয়া এলাকায় একটি মাঠে ছবি দেখে চমকে ওঠেন স্থানীয়রা। দেখা যায় কিছু সরকারি নথি, ব্যাঙ্ক চেক পুড়ছে মাঠের মাঝে। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা এমন কীর্তি ঘটিয়েছে। তারা মাঠের মাঝে এইসব কাগজপত্র এনে জড়ো করে, তারপর তাতে আগুন ধরিয়ে দেয়।
রাতের অন্ধকারে যেসব নথি পুড়িয়ে ফেলার চেষ্টা হয়েছে তা সরকারি কাগজপত্রই বলে মনে করছে সিবিআই (CBI)। কিন্তু কেন এইসব নথি পুড়িয়ে ফেলা হল, তা নিয়ে ধন্দে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কী নথি ছিল, সেগুলি জানা গেলেই পোড়ানোর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা যাচ্ছে, বেশকিছু আধপোড়া কাগজপত্র উদ্ধার সম্ভব হয়েছে। সেগুলি ফরেন্সিক পরীক্ষা করা হবে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই নথি গুলি বিহারের। সেখানকার সরকারি অডিটের নথি ২০০৮ থেকে ২০১০ সালের। তবে কে বা কারা এগুলোকে এখানে পোড়াতে নিয়ে এল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, এই নথি গুলির সঙ্গে বাংলার নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, নিয়োগ দুর্নীতি নিয়ে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই একের পর এক ব্যক্তির বাড়িতে হানা দিচ্ছে, তাতেই কেউ বা কারা ভয় পেয়ে এমন কাণ্ড ঘটিয়েছে। এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে এই নিয়োগ দুর্নীতি নিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে ইডি-সিবিআই। তাই এই নথিগুলির সঙ্গে দুর্নীতির যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।