
শেষ আপডেট: 2 August 2023 14:57
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বর্ষা শুরু হতেই সাপের উপদ্রবে (Snake) অতিষ্ট গ্রামাঞ্চলের মানুষ। প্রতিদিন ক্যানিং(Canning) মহকুমা হাসপাতালে সুন্দরবন এলাকার আক্রান্তের সংখ্যা বাড়ছে ।
শুধু বুধবারেই এই হাসপাতালে ১৫ জন সাপে কাটা রোগী এলেন চিকিৎসা করাতে। যা ক্যানিং মহকুমা হাসপাতালের ইতিহাসে বিরল বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
কারণ গ্রামাঞ্চলে সাপের উপদ্রব কয়েকগুণ বেড়ে গেছে। বর্ষার মরশুমে প্রতিদিনই পাঁচ থেকে সাতজন রোগী আসছেন চিকিৎসার জন্য। সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন। তবে সকলকে আরও সচেতন ও সাবধান হতে হবে।
এদিন সাপে কাটা রোগীদের ভিড়ে ঠাসাঠাসি অবস্থা ছিল হাসপাতালে জরুরি বিভাগ। বিষ্ণুপুর, বাসন্তী, ফুলমালঞ্চ, ক্যানিং, বারুইপুর, কালিকাপুর থেকে রোগীরা এসেছিলেন অ্যান্টিভেনম নিতে। সকলকেই যে বিষধর সাপ কামড়েছে তা নয়। বেশ কয়েকজনকে নির্বিষ সাপও কামড়েছে। কেউ মাঠে কাজ করতে গিয়ে, কেউ আবার রান্নাঘরে, কেউ বা শোয়ার ঘরেই সাপের কামড় খেয়েছেন। ১৫ জনের মধ্যে মাত্র দুজনকেই মারাত্মক বিষধর সাপ কামড়ানোয় তাঁদের ভর্তি করে নেওয়া হয়েছে। বাকিদের অ্যান্টিভেনম দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ভিক্ষা করতে বেরিয়ে প্রতারকের ফাঁদে, সোনার দুল খোয়ালেন মহিলা