
শেষ আপডেট: 23 December 2022 10:02
দ্য ওয়াল ব্যুরো: সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যু (Lalan Seikh Death) নিয়ে সিআইডি তদন্তে (CID Probe) খুশি নয় কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। শুক্রবার এই মামলার তদন্তভার সিআইডির ডিজির হাতে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
এদিন জয় সেনগুপ্তের এজলাসে লালন শেখের মৃত্যু মামলার শুনানি ছিল। সেই শুনানিতে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য গোয়েন্দা সংস্থা। হাইকোর্টের পর্যবেক্ষণ, সিবিআইয়ের বিরুদ্ধে লালনের স্ত্রী গুরুতর অভিযোগ এনেছেন। কিন্তু তাঁর বয়ান এখনও কেন রেকর্ড করা হয়নি, সিআইডির থেকে জানাতে চান বিচারপতি।
হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, লালনের স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত বলেছেন, কিন্তু তিনি রোজ আদালতে আসছেন। এরপরই বিচারপতি প্রশ্ন করেন, লালনের স্ত্রী কীভাবে সিবিআই অফিসারদের নম্বর পেলেন? এই ঘটনার তদন্ত হওয়া উচিত বলে মনে করছে আদালত।
এদিন হাইকোর্ট বলে, এই মৃত্যুর তদন্ত যেভাবে চলছে, সেভাবেই চলুক। কিন্তু আরও ভালভাবে হওয়া উচিত। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের হাইকোর্ট আগে যে রক্ষাকবচ দিয়েছিল, সেটাই বহাল রাখলেন বিচারপতি সেনগুপ্ত।
প্রসঙ্গত, সিআইডির তদন্ত ও পুলিশি এফআইআর-এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। সেই মামলায় আদালত আগেই জানিয়েছিল, ঘটনার তদন্ত সিআইডি যেমন করছে, সেভাবেই করবে। কিন্তু সিবিআই অফিসারদের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ বা সিআইডি।