
শেষ আপডেট: 11 December 2023 17:37
দ্য ওয়াল ব্যুরো, শিলুগুড়ি: 'খেলা বন্ধ করে কেন সভা?' শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার প্রতিবাদে সোমবার বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন দুপুরে হাসমিচকে রাস্তায় ধর্নায় বসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপি নেতৃত্ব। আর তখনই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়। হাসমিচকে স্টেডিয়ামের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শঙ্কর ঘোষকে আটক করে পুলিশ।
আগামীকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভা রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এদিকে এতদিন স্টেডিয়ামে চলছিল স্থানীয় ফুটবল লিগ। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য খেলা বন্ধ করে দেওয়া হয়। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রী সভার দিন তাঁর নেতৃত্বে বিজেপি ধর্নায় বসতে চেয়েছিল। কিন্তু পুলিশ সেই আবেদন মঞ্জুর করেনি। সোমবার শঙ্কর ঘোষ সহ বিজেপি নেতৃত্ব ধর্নায় বসতে গেলে পুলিশ বাধা দেয়।
মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাই স্টেডিয়াম প্রাঙ্গণে সভার প্রস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে। সোমবার থেকেই স্টেডিয়ামে বন্ধ খেলা। বাতিল শিলিগুড়ি প্রিমিয়ার লিগের সমস্ত ম্যাচ। অন্তত ১৫ দিন স্টেডিয়ামে কোনও ম্যাচ হবে না। শিলিগুড়ি পুরসভার এই ঘোষণাতেই কার্যত মাথায় হাত লিগে অংশগ্রহণকারী দলগুলির। লক্ষ লক্ষ টাকা দিয়ে দল তৈরির পর ম্যাচ খেলা না হলে সমূহ ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। আর খেলার মাঠে এই সভা করা নিয়ে আপত্তি তোলে বিজেপি। প্রতিবাদে ধর্নায় বসেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
প্রসঙ্গত, শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গের বেশিরভাগ খেলা হয়ে থাকে। এছাড়া পাহাড়ে তেমন কোনও বড় মাঠ বা স্টেডিয়াম নেই। তবে এই স্টেডিয়ামকে আরও উন্নত করার লক্ষ্যে গত বছরই ঘোষণা করা হয়েছিল, এখানে আর কোনও সভা হবে না, শুধুই খেলা হবে। কিন্তু তারপরও ১২ ডিসেম্বর সরকারি কর্মসূচি হতে চলেছে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠানের জন্য শিলিগুড়িতে সুপার ডিভিশন লিগ বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বিধায়কের এই আপত্তিতে আমল দেয়নি শাসকদল এবং শিলিগুড়ি পুরসভা।