দ্য ওয়াল ব্যুরো: তাঁর বয়স বিরাশি। কিন্তু স্মৃতিতে (memory) সব যেন ছবির মতো সাজানো রয়েছে। প্রায় ৬০ বছর আগের ঘটনা নিয়ে হুগলি সিপিএমের (CPIM) বড় ত্রুটি শুধরে (correction) দিলেন পলিটব্যুরোর সদস্য বিমান বসু (Biman Basu)।
প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী তথা সিপিএমের হুগলি জেলার প্রাক্তন সম্পাদক প্রয়াত সুদর্শন রায়চৌধুরীর স্মরণ সভা ছিল রবিবার। সেই স্মরণ সভায় যে শোক প্রস্তাব নেওয়া হয় তাতে লেখা ছিল, ১৯৬৩ সালে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়ে তিনি বিপিএসএফের নেতৃত্ব দিতে গিয়ে কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। স্মরণ সভায় ছিল উপচে পড়া ভিড়। কয়েক হাজার মানুষের হাতেও ছাপা শোক প্রস্তাব দেয় জেলা সিপিএম। যাতে সুদর্শনবাবুর সংগ্রামী রাজনৈতিক জীবনের বর্ণনা ছিল।
কিন্তু নিজের বক্তৃতায় সেই তথ্য ঠিক নয় বলে উল্লেখ করেন বিমান বসু। বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, শোক প্রস্তাবে যা লেখা রয়েছে তা ঠিক নয়। সুদর্শন প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন এটা ঠিক নয়। শোক প্রস্তাব সংশোধন করতে হবে। তিনি এও বলেন, ওই আন্দোলনে আমিও ছিলাম। প্রথমে সেটা ছিল হিন্দু হোস্টেলের আন্দোলন। পরে তা প্রেসিডেন্সির আন্দোলনের রূপ নেয়।
এদিন জেলা সিপিএমের ডাকা সুদর্শনবাবুর স্মরণ সভায় ভিড় ছিল থিকথিকে। কোভিড পরিস্থিতিতে এভাবে সভা করাকে অপরাধ বলেও সমালোচনা করেন বর্ষীয়ান বিমান বসু। বিরক্ত বামফ্রন্ট চেয়ারম্যান বারো মিনিটেই থামিয়ে দেন তাঁর বক্তৃতা। তবে তার মধ্যেই বড় একটি তথ্যগত ত্রুটি শুধরে দেন তিনি।
সিপিএমের সম্মেলন প্রক্রিয়া শুরু হচ্ছে সামনের সামনের সপ্তাহ থেকেই। বয়স বেঁধে দিয়ে দলের মধ্যে তারুণ্য আনতে চাইছে দল। সীতারাম ইয়েচুরিরা ঠিক করেছেন ৭৫ বছর বয়সের ঊর্ধ্বে কেউ কেন্দ্রীয় কমিটিতে থাকবেন না। এর পরেই দুটি নাম নিয়ে চর্চা চলছে। এক ৭৬ বছরের পিনারাই বিজয়ন ও দুই, ৮২ বছরের বিমান বসু। কারণ, পিনারাই কেরলের মুখ্যমন্ত্রী। আর বিমান এখনও আইন অমান্য করেন, কিলোমিটারের পর কিলোমিটার পদযাত্রা করেন।
ফলে অনেকেরই কৌতূহল, এই দুই নেতা কি কেন্দ্রীয় কমিটির কাছে ব্যতিক্রম বলে বিবেচিত হবেন। এদিন ৫৮ বছর আগের ঘটনা নিয়ে তথ্যগত ত্রুটি শুধরে দেওয়া শুনে অনেক সিপিএম নেতাই বলছেন, শারীরিক ফিটনেসের পাশাপাশি বিরাশির বৃদ্ধের মাথাটাও সতেজ! বিমানদার কী ব্রেন!